উত্তর-পশ্চিম পাকিস্তানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৩ জঙ্গি নিহত
পাকিস্তানের নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে আজ মঙ্গলবার প্রত্যুষে ২৩ জন জঙ্গি নিহত হয়েছেন। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তাকর্মীরা এক তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিরা তাঁদের ওপর গুলি চালালে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়। নিম্ন দির জেলার এক আধাসামরিক বাহিনীর দুর্গের ওপর আত্মঘাতী বোমা হামলা চালানোর পর এ তল্লাশি অভিযান শুরু করা হয়। গত বছর এ জেলায় এক আক্রমণাত্মক অভিযান চালিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী শত শত জঙ্গি হত্যা করে।জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা মুমতাজ জিরীন রয়টার্সকে বলেন, ‘জঙ্গিদের আসা-যাওয়ার খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা সে অঞ্চলে তল্লাশি চালানোর সময় দুষ্কৃতকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়। জিরীন বলেন, অতি প্রত্যুষে ময়দান নামক এলাকাটিতে চলা এ বন্দুকযুদ্ধে ২৩ জন জঙ্গি নিহত হন।এদিকে বার্তা সংস্থা সিনহুয়া আজ মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদন উদৃ্লত করে জানায়, তালেবান বিদ্রোহীরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত বাজাউর এজেন্সির খার জেলায় দুটি প্রাথমিক বিদ্যালয় ধ্বংস করে দিয়েছে।প্রতিবেদনটি বলে, তালেবান জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের এই উপজাতি অধ্যুষিত অঞ্চলের যেসব এলাকায় তাঁদের প্রভাব রয়েছে সেখানে শুধু মেয়েদের শিক্ষাই নিষিদ্ধ করে না, বরং ছেলেদের স্কুলও বন্ধ করে দেয়। আফগান সীমান্তের বাজাউর অঞ্চলে এ পর্যন্ত মোট ৮৮টি স্কুল ধ্বংস করা হয়েছে।