উত্তর-পূর্ব জাপানে প্রচণ্ড ভূমিকম্প ও সুনামি, নিহত ৩০০
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ শুক্রবার প্রচণ্ড ভূমিকম্প হয়েছে। এর ফলে ওই অঞ্চলে ১০ মিটার উচ্চতার সুনামিও আঘাত হেনেছে। এ পর্যন্ত ৩০০ জনের প্রাণহানি এবং বহু লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। কিয়েডো বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সুনামির ধাক্কায় ১০০ যাত্রীসহ একটি জাহাজ তলিয়ে গেছে। জাপানের বিভিন্ন জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। রয়টার্স, আল-জাজিরা টেলিভিশন ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.৯। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, জাপান সরকার সে দেশে সর্বোচ্চ সুনামি সতর্কতা জারি করে। ওই সতর্কতায় বলা হয়েছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চল উপকূলীয় মিয়াগি অঞ্চলে ২০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এর পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল ও তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে। টোকিওতে একটি হোন্ডা ফ্যাক্টরির দেয়াল ধসে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ভূমিকম্পের আঘাতে অনেকে আহত হয়েছে। ভূমিধসে অনেকে চাপাও পড়েছে। বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলে উপকূলীয় এলাকার অনেক বাড়ি, গাড়ি, ফসলি জমি, সড়ক, সুনামির ঢেউয়ে ভেসে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। আজ ভূমিকম্পের সময় টোকিওর ভবনগুলো কয়েক মিনিট ধরে কাঁপতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে ঘরের বাইরে চলে আসে।ভূমিকম্পের পর টোকিওতে ৪০ লাখ বাড়ির বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে কমপক্ষে ১৪টি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। টোকিওর চিবা তেল পরিশোধনাগারেও আগুন জ্বলছে। ভূমিকম্পের পর জাপানের বেশ কিছু পরমাণু শক্তিকেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। ফুকুশিমির ১ নম্বর প্লান্টটিতে সমস্যা দেখা দিয়েছে। তবে সরকার প্ল্যান্টটির নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে। এখন কমপক্ষে একটি পরমাণুকেন্দ্র স্বাভাবিকভাবে চলছে। জাপানের কয়েকটি প্রধান তেল শোধনাগারও বন্ধ হয়ে গেছে। প্রধান স্টিল প্ল্যান্টগুলোতে আগুন জ্বলছে।জাপানের টোহুকু হাইওয়ের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টোকিওতে পাতালরেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া উপদ্রুত এলাকায় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সরকার জাপানের উত্তরাঞ্চলের ৯০০ উদ্ধারকর্মী পাঠিয়েছে। সেনা সদস্যরা বিমানে করে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে।জাপানের নারিতা বিমানবন্দরও এখন বন্ধ এবং যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। সুনামির ঢলে উত্তরাঞ্চলের সেনডাই বিমানবন্দর ভেসে গেছে। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সেনাবাহিনীকে সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।