উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিলেন মনি শঙ্কর
এক দশক ধরে ভারতের কেন্দ্রীয় উন্নয়ন বরাদ্দের ১০ শতাংশই দেওয়া হয় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। জনসংখ্যার আনুপাতিক হার কম হলেও ওই অঞ্চলের উন্নয়নের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ বিবেচনায় ওই অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগের বিষয়টিতে গুরুত্ব দিলে বাংলাদেশ তার সুফল পেতে পারে।ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য মনি শঙ্কর আয়ার আজ শনিবার হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিমত দেন। তিনি এ সময় ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতা করছিলেন।দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের ৩৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের প্রভাবশালী নেতা মনি শঙ্কর আয়ার। প্রতিনিধিদলটি পাঁচ দিনের সফরে আজ দুপুরে ঢাকায় এসেছে।সফরের সময় বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বিনিয়োগে আটটি শিল্প স্থাপনে চুক্তি সইয়ের কথা রয়েছে। প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া তাঁরা বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন।ভারতের উত্তর-পূর্বাঞ্চলবিষয়ক এই সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মনে করেন, ওই অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজারের সুযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিনিয়োগের সুযোগ। তিনি বলেন, ভারতের ওই অঞ্চলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক সমৃদ্ধির সুযোগ রয়েছে। সম্ভাবনা দুই পক্ষের দুয়ারেই কড়া নাড়ছে।ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিটার বলেন, গত জানুয়ারিতে দিল্লি শীর্ষ বৈঠকের পর অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে ব্যবসায়ীরা এবার সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারবেন।