উত্তর প্রদেশে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত
ভারতের উত্তর প্রদেশের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল ভোট গ্রহণের সপ্তম ও শেষ দিন। এই ভোট গ্রহণের মাধ্যমেই প্রদেশের ১০ জেলার প্রায় ৯৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।জানা গেছে, ৬ মার্চ রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের শেষ হওয়া ভোট গণনা করা হবে। আর এই গণনার পরই নিশ্চিত হওয়া যাবে, কার কাছে যাবে ক্ষমতা। তবে ভোট গণনার পর নিশ্চিত হওয়ার আগেই রাজ্যে একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের জরিপ বলছে, মায়াবতীর ক্ষমতা হারানোর আশঙ্কাটাই বেশি।আজ রোববার জি নিউজের খবরে বলা হয়, গতকাল শেষ দফায় উত্তর প্রদেশে ভোট গ্রহণ হয়েছে বিজনৌর, মোরাদাবাদ, ভীম নগর, রামপুর, জয়োতিবা, ফুলেনগর, বদায়ুঁ, বরেলি, পিলভিট, শাহজাহানপুর এবং লক্ষ্মীপুর-খেরি জেলার ৬০টি কেন্দ্রে। মোট প্রার্থী ৯৫০ জন। তাঁদের মধ্যে ৯৫ জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, দাঙ্গাসহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। নব্বইয়ের দশকে এই অঞ্চলে বিজেপির জনসমর্থন যথেষ্ট মজবুত ছিল। তবে ২০০৭ সালে বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে দারুণ সাফল্য পেয়েছিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি। এবারও তারই পুনরাবৃত্তি হয় কি না, সেদিকে নজর থাকবে গোটা দেশের।কিন্তু এরই মধ্যে পরিবর্তনের পূর্বাভাস দিয়ে রেখেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন সংবাদমাধ্যমের জরিপে দেখা যাচ্ছে, এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি। আর বেশ পিছিয়ে আছে মায়াবতীর বিএসপি। তুলনামূলকভাবে ভালো ফল করতে চলেছে কংগ্রেস। আসন কমছে বিজেপির। কিন্তু কোনো দলই একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সম্ভবত ত্রিশঙ্কু হতে চলেছে উত্তর প্রদেশ বিধানসভা।উত্তর প্রদেশের মতোই অন্যান্য রাজ্যেও তুলনামূলকভাবে ভালো ফল করতে চলেছে কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কংগ্রেস। জরিপে দেখা যায়, উত্তরাখণ্ডে ৩২ থেকে ৪২টি আসন পেতে পারে কংগ্রেস। অন্যদিকে পাঞ্জাবে কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬২টি আসন, তবে গোয়ায় ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা রয়েছে তাদের। তেমন হলে দেশের বর্তমান আর্থসামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এই ফল কংগ্রেসের পক্ষে বেশ আশাব্যঞ্জক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।