উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ২০০
ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। হাওড়া থেকে দিল্লিগামী কালকা মেইলের ১৫টি বগি লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি এ সময় ঘণ্টায় ১০৮ কিলোমিটার গতিতে চলছিল। আজ রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।ট্রেনটি লক্ষৌ থেকে ১২০ কিলোমিটার দূরে মালওয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। উত্তর প্রদেশে রেলওয়ের মহাব্যবস্থাপক এইচ সি যোশি বলেন, ট্রেনটি কেন লাইনচ্যুত হয়েছে, তা এখনো জানা যায়নি। রেলের নিরাপত্তাবিষয়ক কমিশনারকে ঘটনাটি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।ফতেপুরের প্রধান চিকিত্সা কর্মকর্তা কে এন যোশি বলেন, দুর্ঘটনায় ট্রেনটির ৩৫ জন যাত্রী নিহত হয়েছে। আহত ২০০ যাত্রীর চিকিত্সা চলছে। নিহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে তিনি জানান।ফতেপুরের পুলিশ সুপার রাম ভারোস বলেন, উদ্ধারকর্মীরা ট্রেনটির দুটি বগিতে ঢুকতে পারেননি। ইঞ্জিনের পেছনের সাধারণ বগিটিতে সবচেয়ে বেশি যাত্রী ছিল বলে তিনি জানান। তিনি বলেন, ওই বগিটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়, রেলওয়ে ও জেলা প্রশাসন ট্রেনটিতে উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গেছে। এলাহাবাদ ও কানপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী নিহতদের স্বজনদের এক লাখ, গুরুতর আহত যাত্রীদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন।পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে স্বজনদের কান্নার রোল পড়ে গেছে। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওই ট্রেনে করে যাত্রীদের স্বজনদের মালওয়া নিয়ে যাওয়া হবে।