উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩
ভারতের উত্তর প্রদেশে কালকা মেইল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আজ সোমবার ৬৩ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছে ২০০ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।উত্তর প্রদেশে গতকাল রোববার ওই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনটির কয়েকটি বগি একটি অপরটির ওপর উঠে যায় এবং বেশ কয়েকটি বগি বিধ্বস্ত হয়।উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা কর্নেল এডিএস ডিলন আজ বলেন, ‘আমরা এখনো উদ্ধার তত্পরতা চালাচ্ছি।’ তিনি বলেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ভেতরে আরও লোক আটকে রয়েছে বলে আমরা ধারণা করছি।’প্রসঙ্গত, ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গতকাল রোববার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। হাওড়া থেকে দিল্লিগামী কালকা মেইলের ১৫টি বগি লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি সে সময় ঘণ্টায় ১০৮ কিলোমিটার গতিতে চলছিল। বাসস।