উত্তর প্রদেশে মায়াবতী-যুগের অবসান (ভিডিও )
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে দীর্ঘদিন ধরে টিকে থাকা মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) আধিপত্যের অবসান ঘটতে চলেছে। আজ মঙ্গলবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার শেষ খবর অনুযায়ী বিপুল ভোটে এগিয়ে আছে মুলায়েম সিং যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি (এসপি)। উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে এরই মধ্যে প্রায় ২২০টি আসনে জয়লাভ করেছে সমাজবাদী পার্টি। তার মানে কোনো ধরনের জোট গঠন না করে এককভাবেই সরকার গঠন করতে পারবে এই রাজনৈতিক দলটি। এরই মধ্যে সরকার গঠনের পর উত্তর প্রদেশের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, তার পরিকল্পনা শুরু করে দিয়েছেন সমাজবাদী পার্টির নেতারা। দলের রাজ্য সভাপতি অখিলেশ যাদব জানিয়েছেন, সরকার গঠনের পর উত্তর প্রদেশের কৃষকদের ঋণমওকুফ ও বিদ্যুত্ সরবরাহের উন্নয়নের মাধ্যমে কৃষি খাতের অগ্রগতি সাধন করা হবে। মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজবাদী পার্টি গত পাঁচ বছর রাজ্য উন্নয়নের নামে নিজেদেরই পকেট ভারী করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
২০০৭ সালে শেষ বিধানসভা নির্বাচনে ২০৬টি আসন পেয়ে জয়লাভ করেছিল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। সেখানে এবারের নির্বাচনে এখন পর্যন্ত মায়াবতীর দখলে রয়েছে মাত্র ৬৩টি আসন।এদিকে উত্তর প্রদেশে কংগ্রেসের ভরাডুবির দায়দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। এখন পর্যন্ত মাত্র ৩১টি আসনে জয় লাভ করতে পেরেছে কংগ্রেস। সমাজবাদী পার্টির জয় নিশ্চিত উপলব্ধি করার পর রাহুল সাংবাদিকদের বলেছেন, ‘আমি লড়াই করেছিলাম। কাজেই এই পরাজয়ের দায়দায়িত্বও আমিই নিচ্ছি।’ এই হারের পেছনে কংগ্রেসের সাংগঠনিক অবকাঠামোর দুর্বলতাকেই মূল কারণ হিসেবে বর্ণনা করেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে সমাজবাদী পার্টির নেতাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।