উত্তর মেরু অভিযানে হিলারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক মিশনে হরহামেশাই বিদেশ সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এবার তিনি ভিন্ন এক লক্ষ্য নিয়ে উত্তর মেরু অভিযানে গেছেন। সেখানে তেল, গ্যাস আর খনিজ সম্পদের হদিস করবেন। সুবিধা হলে তুলে নিয়ে আসার ব্যবস্থা হবে। আজ শনিবারে একটি গবেষণাকারী জাহাজে করে হিলারির রওনা হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রয়টার্স।সুমেরু বৃত্তের শহর ট্রোমসোতে নোঙর করার ইচ্ছা হিলারির। শীর্ষ পর্যায়ের এই মার্কিন কূটনীতিকের এ অভিযানের মূলেও রয়েছে রাষ্ট্রের বড় ধরনের স্বার্থ। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গলছে সুমেরুর হিমবাহ। মাটির ওপরের বরফ গলে ক্রমে খনিজ পদার্থের সন্ধানের সুযোগ তৈরি হচ্ছে। সে দিকে এখন নজর দিয়েছে বিশ্বের শক্তিধর দেশেগুলো। এ প্রতিযোগিতায় মার্কিন দলকে উত্সাহ জোগাতে পররাষ্ট্রমন্ত্রীর এ উত্তর মেরুযাত্রা।সকালে অসলো থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের হিলারি জানান, ‘কৌশলগত দিক থেকে সুমেরু ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর অংশীদার দেশগুলো নিজ নিজ অধিকার ও প্রভাব প্রতিষ্ঠায় মাঠে নেমেছে।’ তিনি বলেন, ‘এসব পরিবর্তনের ব্যবস্থাপনায় সহায়তা করতে আমরা নরওয়ে ও আর্কটিক কাউন্সিলের সঙ্গে কাজ করতে চাই।’হিলারি বলেন, ‘আমরা এমন উন্নয়ন চাই, যা দেবে স্থিতিশীল অর্থনীতি, সুরক্ষা করবে পরিবেশের।’ মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুযায়ী সুমেরুতে বিশ্বের অনাবিষ্কৃত তেলের ১৩ শতাংশ ও গ্যাসের ৩০ শতাংশ মজুদ রয়েছে। জ্বালানি সম্পদ ছাড়াও উত্তর মেরুর অন্যান্য গুরুত্ব কম নয়। বেশি বরফ গলাতে সুমেরু উন্মুক্ত থাকছে বছরের বেশির ভাগ সময়। এই সুবিধা নিচ্ছে এশিয়া ও ইউরোপের হাজারো বাণিজ্য পথ।তাই হিলারির আট দিনের স্ক্যানডিনেভিয়া, ককেসাস ও তুরস্ক সফরের মধ্যে বেশ গুরুত্ব পাচ্ছে এ অভিযানটি। সুমেরুতে খনিজ উত্তোলনের প্রক্রিয়া বহুগুণে ব্যয়বহুল হলেও পিছিয়ে নেই উত্তোলনকারী কোম্পানিগুলো। এর মধ্যে কাজ শুরু করেছে এক্সন মোবিল ও গ্যাজপ্রমের মতো প্রতিষ্ঠানগুলো। তবে পরিবেশবাদীরা সোচ্চার হচ্ছে মেরু অঞ্চল দূষণ ও অপরিকল্পিত কর্মকাণ্ডের বিরুদ্ধে।এ ব্যাপারটিই ভাবিয়ে তুলেছে আর্কটিক কাউন্সিলকে। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন ও ডেনমার্ক—এই আট দেশের প্রতিনিধি নিয়ে ১৯৯৬ সালে গঠিত হওয়া কাউন্সিলের সামনে একই সঙ্গে পরিবেশ দূষণ ঠেকানো ও স্থিতিশীল উন্নয়ন ঘটানো এক বিরাট চ্যালেঞ্জ।