উত্তর রাজশাহী সেচ প্রকল্পের দাবি জোরালো হচ্ছে
দীর্ঘদিন ধরে গণসংযোগ, সেমিনার, সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দাবি উত্থাপনের পর অবশেষে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বৃহত্তর রাজশাহী অঞ্চলে আন্দোলনের দানা বাঁধতে শুরু করেছে। সম্প্র্রতি বৃহত্তর রাজশাহীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শুরুতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ সেচ প্রকল্প নিয়ে তত্পরতা শুরু করলেও আন্দোলন জোরদার করতে এখন জেলা-উপজেলায় ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ নামে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্র্রতি রাজশাহী সদর, রাজশাহীর পবা ও মোহনপুর, গোদাগাড়ী, তানোর এবং শেষে তেভাগা আন্দোলনখ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরকারি জোটের রাজশাহী অঞ্চলের সাংসদদের মধ্যে ফজলে হোসেন বাদশা (রাজশাহী সদর), ওমর ফারুক চৌধুরী (গোদাগাড়ী-তানোর), মেরাজ মোল্লা (পবা-মোহনপুর) অংশ নিয়ে বক্তব্য দেন। তাঁরা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান। এ ছাড়া এ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন সাংসদ শাহরিয়ার আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংসদ জিয়াউর রহমান (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল), আবদুল ওদুুদ (চাঁপাইনবাবগঞ্জ সদর)।১৯৯৭ সাল থেকে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি উঠতে শুরু করে রাজশাহী শহর থেকে। সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, এ প্রকল্প বাস্তবায়ন ছাড়া আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।