২০১২ সাল থেকে ব্যবসায় পরিচিতি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে হবে। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে প্রথমেই বুঝে নিতে হবে তোমার পাঠ্যবইয়ের কোন অধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট। প্রশ্নের ‘ক’ নম্বরের উত্তর মুখস্থনির্ভর হলেও মনে রাখবে, এখানে বাড়িয়ে লেখার সুযোগ নেই। শুধু সঠিক উত্তরটি এক শব্দে অথবা একবাক্যে শুদ্ধরূপে লিখলেই চলবে। সৃজনশীল প্রশ্নের ‘খ’ নম্বরের উত্তর প্রদানের ক্ষেত্রে একটু চেষ্টা করবে যে তুমি কোন প্রসঙ্গটি ব্যাখ্যা করতে যাচ্ছ। প্রথমেই প্রসঙ্গটি একটু সংজ্ঞায়িত করে নেবে। তারপর ওই প্রসঙ্গটি তিন-চারটি বাক্যে ব্যাখ্যা করলেই হবে। সৃজনশীল প্রশ্নের ‘গ’ নম্বরের উত্তর প্রদানের ক্ষেত্রে অবশ্যই উদ্দীপকের রেফারেন্স দিয়ে লিখবে। এ ক্ষেত্রে উদ্দীপকটি অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে উদ্দীপকে বর্ণিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নতুন নতুন উদাহরণ উল্লেখ করা যেতে পারে। শেষ প্রশ্নটির, অর্থাৎ ‘ঘ’ নম্বর প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে মনে রাখবে, সম্পূর্ণ পাঠ্যবইয়ের বিষয়বস্তু মুখস্থ লেখা যাবে না। এ ক্ষেত্রে পঠিত বিষয়বস্তু থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিজস্ব সৃজনশীলতার সমন্বয় করতে হবে। এই প্রশ্নের উত্তরে কয়েকটি প্যারা অথবা পয়েন্ট আকারে লিখলে ভালো হয়। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার শুরুতেই পরিষ্কার করে প্রশ্নের নম্বরটি লিখবে। এ ক্ষেত্রে একটু ভিন্ন কালির কলম ব্যবহার করলে লেখাটি আকর্ষণীয় হয়ে ওঠে। সব প্রশ্নের উত্তর লিখতে চেষ্টা করবে। প্রতিটি প্রশ্নের ক, খ, গ ও ঘ ক্রমিকভাবে উত্তর দিতে এবং অবশ্যই হাতের লেখার ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হবে। বহুনির্বাচনী অংশের ৪০টি প্রশ্নের মধ্যে ২৮টিই থাকবে সাধারণ মানের, যার উত্তর খুব সহজেই দিতে পারবে। বাকি ১২টিতে একটু বেশি সময় লাগতে পারে। কাজেই, মনোযোগের সঙ্গে প্রশ্ন ও বিকল্প উত্তরগুলো পড়ে পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে সমন্বয়ের চেষ্টা করবে। মনে রাখবে, ভালো ফলের জন্য সব প্রশ্নের উত্তর দিতে হবে। লেখা শেষ করে অন্তত একবার খাতা রিভিশন দিয়ে জমা দেবে।