উত্তর সাইপ্রাসে আজ প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর সাইপ্রাসে অনেক সমীকরণের প্রেসিডেন্ট নির্বাচন আজ। এ নির্বাচনের ফলাফল উত্তর ও দক্ষিণ সাইপ্রাসের পুনরায় একত্রীকরণের সম্ভাবনা ও তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার যে প্রচেষ্টা তার ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভূমধ্যসাগরীয় এ দ্বীপটি তুর্কি অধ্যুষিত উত্তর সাইপ্রাস ও গ্রিক অধ্যুষিত দক্ষিণ সাইপ্রাস নামে দুটি সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত।আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট মেহমেত তালাত আলী এবং জাতীয়তাবাদী তুর্কি সাইপ্রিয়টদের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দারভিস ইরোগলু। ২০০৮ সালে প্রেসিডেন্ট মেহমেত তালাত আলী ও গ্রিক সাইপ্রিয়ট নেতা দিমিত্রিস ক্রিস্টোফিয়াস শান্তি আলোচনা শুরু করেছিলেন। তাঁদের লক্ষ্য ছিল উত্তর ও দক্ষিণ সাইপ্রাসের একটি কনফেডারেশন গঠন। কিন্তু প্রেসিডেন্ট মেহমেত তালাত আলী দুই সাইপ্রাস পুনরেকত্রীকরণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন উত্তর সাইপ্রাসের বেশির ভাগ নাগরিক। জনমত জরিপে তাঁর প্রতিদ্বন্দ্বী দারভিস ইরোগলুই এগিয়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাইপ্রাসের কয়েকজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, আজকের নির্বাচনের ফলাফল সাইপ্রাসে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খুলে যেতে পারে ঐক্য প্রতিষ্ঠার পথে একটি সম্ভাবনার দ্বার। এখনই এই ঐক্য প্রতিষ্ঠা করা না গেলে কখনই তা সম্ভব হবে না। তবে দারভিস ইরোগলু সব সময়ই আলাদা জাতিতত্ত্বের ঘোরতর সমর্থক। দারভিস গ্রিক ও তুর্কি সাইপ্রিয়টদের আলাদা সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাসী। তুরস্ক সব সময়ই দারভিস ইরোগলুর সমর্থক। একমাত্র তাঁর নেতৃত্বাধীন সরকারকেই তুরস্ক সমর্থন জানাবে বলে জানা গেছে। কিন্তু অনেক বিশ্লেষক আজকের নির্বাচনে দারভিস ইরোগলুর বিজয় হলে তা সাইপ্রাসের জন্য ক্ষতিকর হবে বলে মনে করেন। কারণ, তাঁর বিজয় দুই সাইপ্রাসের পুনরেকত্রীকরণের সহায়ক হবে না। তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তিও এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করতে পারে। ১৯৭৪ সালে সাইপ্রাসে তুর্কি সেনাবাহিনীর অনুপ্রবেশের পর থেকে তুরস্কের ওপর ক্ষুব্ধ গ্রিক সাইপ্রিয়টরা এত দিন ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের প্রবেশের পথে ছিল সবচেয়ে বড় বাধা। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী যদি গ্রিক সাইপ্রিয়টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দুই সাইপ্রাসকে পুনরায় একত্র করতে পারে, তবে গ্রিক সাইপ্রিয়টরা তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়াকে সমর্থন জানাবে।