উত্তরখণ্ডে ভারী বর্ষণে নিহত ৩০, নিখোঁজ ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরখণ্ডের রুদ্রাপ্রয়াগ ও বাগেশ্বর জেলায় ভারী বর্ষণে আজ শুক্রবার কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আকস্মিক এ বর্ষণে ৪০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এনডিটিভির খবরে বলা হয়, বর্ষণে রুদ্রপ্রয়াগ জেলায় ২২ জন এবং বাগেশ্বর জেলায় আট জন নিহত হয়। এসময় ধ্বংসস্তূপের নিচে পড়ে যায় বহু মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও উপশম বিভাগের (ডিএমডি) একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২২টি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আক্রান্ত এলাকায় উদ্ধার তত্পরতা চালাতে ১২০ জন সেনাবাহিনী ও ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের (আইটিবিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনে ব্যবহার করতে একটি বেসরকারি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার প্রশাসক নীরাজ খেরওয়াল বলেন, দুর্যোগ আঘাত হানার পর পরই কর্তৃপক্ষ সেনাবাহিনী ও আইটিবিপি সদস্যদের সহায়তায় ত্রাণ তত্পরতা শুরু করেছে। এদিকে আকস্মিক দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বাহুগুণা। তিনি আক্রান্ত এলাকাগুলোতে যথাযথভাবে ত্রাণ ও উদ্ধার তত্পরতা তদারকি করতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দুর্গতদের সহায়তায় ১০ লাখ রুপি অর্থ মঞ্জুর করেছেন।