উত্তরখানে গুলিতে দুই নারী আহত
রাজধানীর উত্তরখানে আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে শামসুন নাহার (৩০) ও তাঁর ভাইয়ের মেয়ে জুঁই আক্তার (১৬) আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানায়, শামসুন নাহার ও জুঁই উত্তরখানের প্রতিবন্ধী গলির একটি তিনতলা ভবনের নিচতলায় থাকে। আজ সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে চড়ে দুজন ব্যক্তি তাদের দরজার কড়া নাড়ে। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের তৃতীয় তলার বাসিন্দা বলে পরিচয় দেয়। দরজা খোলার পর ওই দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় নাহারের দুই হাত ও ঊরুতে তিনটি এবং জুঁইয়ের পায়ে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিত্সাধীন শামসুন নাহার ও জুঁই প্রথম আলো ডটকমকে জানায়, তারা হামলাকারী ওই দুই ব্যক্তিকে চিনতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী প্রথম আলো ডটকমকে বলেন, হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত শামসুন নাহার ও জুঁই দুর্বৃত্তদের সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।