উত্তরখানে বাসায় ঢুকে গুলি, ভাতিজিসহ এক নারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানের একটি বাসায় ঢুকে সন্ত্রাসীরা গতকাল বৃহস্পতিবার গুলি করলে এক নারী ও তাঁর ভাইয়ের মেয়ে আহত হন। আহত শামসুন নাহার (৩০) ও জুঁই আক্তারকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, শামসুন নাহার উত্তরখানের প্রতিবন্ধী গলির একটি তিনতলা বাড়ির নিচতলায় থাকেন। গতকাল সকাল সোয়া সাতটার দিকে মোটরসাইকেলে আসা দুই লোক তাঁর বাসার দরজার কড়া নাড়ে। দরজা খুলে দেওয়া হলে তারা এলোপাতাড়ি গুলি করে। এতে সামনের ঘরে থাকা শামসুন নাহারের দুই হাত ও ঊরুতে তিনটি এবং তাঁর ভাতিজি জুঁইয়ের পায়ে একটি গুলি লাগে। তাঁদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন শামসুন নাহার সাংবাদিকদের জানান, তিনি সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। পরিচয় জানতে চাইলে বলা হয়, তারা তিনতলায় থাকে, একটু কথা বলতে এসেছে। কিন্তু দরজা খুললে দুই সন্ত্রাসী ভেতরে ঢুকেই এলোপাতাড়ি গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী মাফিয়া চুন্নীর লোকেরা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।জানতে চাইলে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী প্রথম আলোকে বলেন, হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত শামসুন নাহার ও জুঁই দুর্বৃত্তদের সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারেননি।