উত্তরণের জন্য পুনর্গঠন জরুরি
মানুষ তার নিজের জায়গায় কখনও সন্তুষ্ট থাকে না। সবাই মনে করে তার অবস্থান আরও ভাল থাকা উচিত। এ জাতীয় ক্ষোভ সবক্ষেত্রেই বিদ্যমান। সঠিক সময়ে সঠিক পদক্ষেপের অভাবে অনেক সময় ছোট ছোট সমস্যাও বড় হয়ে দেখা দিতে পারে। বিডিআরে এমন সমস্যা থাকা অস্বাভাবিক ছিল না। কিন্তু তার বহি:প্রকাশ হিসেবে সশস্ত্র বিদ্রোহ ও সহিংস ঘটনা কোনোভাবেই কাম্য নয়। নিরপরাধ ও নিরস্ত্র সামরিক কর্মকর্তাদের খুন ও একই সঙ্গে বর্বর আচরণ করা একটি ঘৃণ্য চক্রান্তের ইঙ্গিত দেয়। যখন এ রকম কোনো চক্রান্ত হয়, তখন চক্রান্তকারিরা তা সবাইকে জানিয়ে করে না। যাকে দিয়ে কাজটি করাবে, তাকেও জানায় না। তারা বিভিন্ন ধাপে লোকজনকে নিয়োগ করে। যাকে যতটুকু বলে, সে ততটুকুই জানতে পারে। হয়তো একজনকে বলা হলো, তোমরা তোমাদের দাবি নিয়ে হইচই করো। আরেক দলকে বলা হলো, হইচই শুরু হলে তোমরা হাতিয়ার দিয়ে ভয় দেখাবে। আরেক গ্রুপকে বলা হলো, যদি বেশি বাধা দেখো, গুলি করবে। এরা কেউ কাউকে চিনল না। সবাই জানল, তাদের দাবি নিয়ে সোচ্চার হতে হবে। কিন্তু এই সুযোগে আসল চক্রান্তকারীর তাদের মূল কাজটি নিখুঁতভাবেই সম্পন্ন করলো। এ ঘটনা থেকে আমার মনে হয়েছে, যারা এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত (এখানে মূলত সাধারণ জওয়ানরা), এটা শুধু তাদেরই কাজ নয়। এর পেছনে অন্য কেউ আছে। কারণ, এরা বাইরে যাওয়ার সময় সহায়তা পেয়েছে, বিদ্রোহের পর পালিয়ে যাওয়ার সময়েও সহায়তা পেয়েছে। জওয়ানদের অনেকে হাতিয়ার নিয়ে গেছে, আবার অনেকে পোশাক বাইরে বদল করে গেছে। বাইরের সহযোগিতা ছাড়া এগুলো করা কি সম্ভব? আমি মনে করি, চক্রান্তকারিদের উদ্দেশ্য ছিল বিডিআরকে নেতৃত্ব শূণ্য এবং সেনাবাহিনীর মনোবলকে চরমভাবে আঘাত করা। যুদ্ধক্ষেত্রেও এক দিনে একই স্থানে এত কর্মকর্তা মারা যাওয়ার নজির নেই। বিডিআর বিদ্রোহের পরে সরকার যেটা করেছে, সেটার ক্ষেত্রে প্রথম দিকে মনে হয়েছিল, বোধ হয় সবকিছু করতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু পরে যখন দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে জওয়ানরা দেখা করলেন, প্রধানমন্ত্রী শক্ত কথা বললেন। সঙ্গে সঙ্গে সেনা মোতায়েন করা হলো। ফলাফল হলো চমকপদ। এরপর বিডিআর জওয়ানেরা আর কোনো বাড়াবাড়ি করেনি। আত্মসমর্পন শুরু হয়ে গেল। আসলে সবার মনে বিভ্রান্তি হলো, এটা প্রথম দিকে করলে কী হতো। কিন্তু অনেকে জানে না, পিলখানা অনেক বড় জায়গা। সেখানে ওই সময় কোথায় কাকে আটকে রাখা হয়েছে, সেটা কেউ জানে না। তখন সরকারের পক্ষে কোনো আলোচক দল বা হেলিকপ্টারের মাধ্যমে সেনা পাঠানো সম্ভব ছিল না। সঠিক খবর না পেয়ে সেটা করা কোনোভাবেই উচিত হতো না। এতে প্রাণহানি বাড়তে পারত। আমরা মুম্বাইয়ের ঘটনাকে উদাহরণ হিসেবে আনতে পারি। ওরা আমাদের চেয়ে অনেক শক্তিশালী, অনেক সরঞ্জাম তাদের আছে। তার পরও তারা সময় নিয়েছে। এ ধরনের অভিযানের আগে নিশ্চিত হতে হবে, কে কোথায় আছে। তাড়াহুড়ো করে কিছু করা যায় না। আবার প্রথম দিনের অভিযান নিয়ে ভিন্ন বক্তব্য দেওয়ার সুযোগ নিত কেউ কেউ। যদি ওইদিন সেনাবাহিনী অভিযান চালাত এবং এতে যদি ২০-২৫ জন লোকও মারা যেত, তবুও বলা হতো, আরেকটু সময় নিলে এটা হতো না। তখন কম লোকের বিষয়টিও বড় করে দেখা হতো। আমি মনে করি, সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেটা খুবই সুচিন্তিত ও যথাযথ। অবশ্য এটাও সত্যি, তরুণ কর্মকর্তাদের হারিয়ে তাঁদের স্বজনেরা, বন্ধুবান্ধব দেশবাসি খুবই ক্ষুব্ধ হয়েছেন। সেনাকুঞ্জে সেদিন কর্মকর্তারা এসব ক্ষোভের কথা প্রধানমন্ত্রীকে বলেছিলেন। কর্মকর্তারা নিজেদের সহকর্মীকে মরতে দেখেছেন, তাঁদের মৃতদেহ ম্যানহোল থেকে বের করতে দেখেছেন। ফলে এ ধরনের ক্ষোভ খুবই স্বাভাবিক। এটাকে আমি বাড়াবাড়ি মনে করি না।আমি জানি, এ ঘটনা নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তার প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির কাজ সম্পূর্ণ হবে না, যদি সেই কমিটি সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা না করে। যদি সমর্থ থাকা সত্ত্বেও কারণ উদ্ঘাটন করা না হয়, তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যে ঘটবে না, সেটা বলা যাবে না। আমি মনে করি, তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এর পেছনে যে-ই থাকুক না কেন, সেটা বের করা এবং তাদেকে বিচারের কাঠগড়ায় কারনো উচিত্।সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিডিআরের বিচার। আমি শুনেছি, বিডিআরের নিজস্ব আইনে বিচার শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় বিচার হচ্ছে। কিন্তু মানুষের দৃষ্টি হলো, মূলত যারা ষড়যন্ত্রকারি, তাদের বিচারের দিকে। যেটা সিআইডি তদন্ত করছে। এটার অভিযোগপত্র দিয়ে তাড়াতাড়ি বিচার শুরু করা উচিত।বিডিআর পুনর্গঠনও খুব জরুরি। সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে পুনর্গঠন জরুরি। নতুন লোক নিয়ে শুরু করতে হবে। তবে পুরোনো যারা নির্দোষ প্রমাণিত হবে, তাদেরও রাখতে হবে। যারা নির্দোষ, তাদের বাদ দিলে সেটাও একটা অসন্তোষের কারণ হবে।আমার মনে হয়, যে নামেই হোক না কেন, বিডিআরের পুনর্গঠন করতে হবে। এখন জনবলের ঘাটতি মেটাতে বিভিন্ন বাহিনী থেকে লোক নিয়ে সমন্বয় করা যেতে পারে। তবে অন্য কোনো বাহিনী থেকে স্থায়ীভাবে লোক এনে বিডিআরে নিয়োগ দেওয়া ঠিক হবে না। এতে নানা ধরনের সংকট থেকে যায়।আমাদের এখন দরকার সেই কাজ করা, যেটা বাহিনীর জন্য ও দেশের জন্য ভালো হয়। এখানে একজনকে আরেকজনের প্রতিপক্ষ ভাবা ঠিক হবে না। ভালো কাজের জন্য এক পক্ষ আরেক পক্ষকে সহযোগিতা করতে হবে।আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো গোয়েন্দা সংস্থাগুলোর কথা। দুঃখের বিষয় হলো, আমাদের দেশে যত বড় বড় ঘটনা ঘটেছে, তার একটিতেও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় কার্যকরতা প্রমাণ করতে পারেনি। এ ঘটনাটি এখন বড় করে দেখা উচিত। আমরা পিলখানার ঘটনা ভুলতে বসেছি। অনেকে মনে করছে, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এখান থেকে সরে এলে চলবে না। দোষী ব্যক্তিরা যদি শাস্তি না পায়, তবে ভবিষ্যতে তারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে; সেটা সবার মনে রাখা উচিত। বিডিআর হত্যাকান্ডের প্রতিশোধ নয়, ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধ প্রতিরোধ করতেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান: বিডিআরের সাবেক মহাপরিচালক