উত্তরসহ প্রশ্নের ছাপানো কপি চান সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপের উত্তরসংবলিত প্রশ্নমালার ছাপানো কপি (হার্ড কপি) চেয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।গতকাল বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা বিশেষ পত্রবাহকের মাধ্যমে টিআইবির নির্বাহী পরিচালক বরাবরে চিঠিটি পাঠিয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর আগে টিআইবি সিডিতে একই তথ্য পাঠিয়েছিল। কিন্তু কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার না থাকায় সেই সিডি খোলা যায়নি। তাই ছাপা কপি চাওয়া হয়েছে। এ নিয়ে তথ্য-উপাত্তের জন্য টিআইবিকে তৃতীয়বারের মতো চিঠি পাঠানো হলো। গতকাল পাঠানো চিঠিতে বলা হয়, টিআইবির পাঠানো সিডিতে ফাইলগুলো ‘এসটিএটিএ’ এবং ‘এসপিএসএস’ ফরমেটে থাকায় তা খোলা সম্ভব হয়নি। অনুগ্রহ করে বিচার বিভাগের দুর্নীতি-সম্পর্কিত উত্তরসংবলিত প্রশ্নমালা (হার্ড কপি) এবং ওই অভিযোগ-সম্পর্কিত অন্য কোনো তথ্য প্রাসঙ্গিক মনে হলে তা-ও পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। বিষয়টি জরুরি হিসেবে বিবেচনা করার জন্যও চিঠিতে উল্লেখ করা হয়।জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সাড়ে ১১টার দিকে চিঠি হাতে পেয়েছি। চিঠিতে বলা হয়েছে, প্রশ্ন ও উত্তরসংবলিত টিআইবির পক্ষ থেকে পাঠানো সফট কপি খোলা যায়নি। হার্ড কপি (ছাপানো কপি) চাওয়া হয়েছে। জরিপের নীতিমালা অনুযায়ী উত্তরদাতার পরিচয় প্রকাশ না করে আগামী রোববারের মধ্যে হার্ড কপি পাঠানো হবে।’ গত ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা (পরিবার) জরিপে বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয় বলে উল্লেখ করা হয়। এরপর জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে টিআইবিকে চিঠি দেওয়া হয়। টিআইবি পরদিন সুপ্রিম কোর্টকে প্রতিবেদন ও তথ্য পাঠায়। ওই দিন টিআইবির জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এরপর সুপ্রিম কোর্ট ৩ জানুয়ারি আরেক চিঠিতে বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য টিআইবিকে চিঠি দেন। পরদিন প্রশ্ন ও খানার দেওয়া উত্তরসংবলিত সিডি সুপ্রিম কোর্টে পাঠায় টিআইবি। এদিকে সুপ্রিম কোর্টের তৃতীয় চিঠির প্রাপ্তি স্বীকার করে গতকাল টিআইবির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদবিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘জরিপের তথ্য ও বিশ্লেষণের বৈজ্ঞানিক উৎকর্ষতা ও গ্রহণযোগ্য সম্পর্কে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আশা করি, জরিপের ফলাফল গুরুত্বের স্বীকৃতিপূর্বক দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গৃহীত হবে।’