উত্তরা ও আজিমপুরে দুজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার একটি তৈরি পোশাক কারখানার অংশীদার মোজাম্মেল হককে (৪৫) হত্যা করে তাঁর কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই দিন আজিমপুরে সন্ত্রাসীরা ইদ্রিস আলী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে।এ ছাড়া ছিনতাইকারীরা গোপীবাগ, শাহজাহানপুর ও পল্লবীতে তিনজনকে আহত করে তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মোজাম্মেল হক গতকাল দুপুর দুইটার দিকে এক্সিম ব্যাংকের উত্তরা ৩ নম্বর সেক্টর শাখা থেকে তিন লাখ ৪৫ হাজার টাকা তুলে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে একাধিক গুলি করে ওই টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।নিহত মোজাম্মেলের ভগ্নিপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মোজাম্মেল গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপক ও অংশীদার। কিছুদিন ধরে তিনি আলাদা প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করায় দ্বন্দ্ব দেখা দেয়। এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে।পারিবারিক সূত্র জানায়, মোজাম্মেলের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বানিয়ারফিটে। তিনি সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি স্ত্রী সেলিনা আক্তার ও চার বছরের একমাত্র সন্তান মৌকে নিয়ে রাজধানীর সবুজবাগে ভাড়া বাসায় থাকতেন।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিজের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।আজিমপুরে যুবককে হত্যা: গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে আজিমপুর এতিমখানার সামনে ইদ্রিস আলি এক যুবককে কয়েকজন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। তাঁর চোয়ালে গুলি লাগে। লালবাগ থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে ময়না বেগম নামে এক নারী হাসপাতালে গিয়ে নিহত যুবককে তার স্বামী ইদ্রিস আলী বলে শনাক্ত করেন। ময়না বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, তারা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজীেলার বালাশুরে থাকেন। চারদিন আগে তার স্বামী নাটোরে যান। গতকাল সকালে তিনি ঢাকায় এসে মুঠোফোনে তাকে জানান, আদালতে তার মামলার হাজিরার তারিখ আছে। হাজিরার পর কথা বলবে। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি। ময়না জানান, ইদ্রিসের নামে ধানমণ্ডি থানায় পাঁচটি মামলা আছে। এর মধ্যে একটির হাজিরা ছিল। কারা কেন তার স্বামীকে হত্যা করেছে তা তিনি জানেন না বলে জানান। ইদ্রিসের বাবার নাম সোনা মিয়া। ইয়াসিন নামে তার তিন বছরের একটি সন্তান রয়েছে। তিনটি মোটরসাইকেল ছিনতাই, তিনজন আহত: পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়,গতকাল পুরানা পল্টনের মানি এক্সচেঞ্জের মালিক আবু সায়েম ও তার ভাগ্নে মো. শামীম ব্যবসা প্রতিসমান বন্ধ করে মোটর সাইকেল করে পুরান ঢাকার রামকৃষ্ণ মিশন (আর কে) রোডের বাসায় ফিরছিলেন। সায়েম মোটর সাইকেল চালাচ্ছিলেন। রাত আটটার দিকে তারা গোপীবাগে সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। মোটর সাইকেলের পেছনে বসা শামীম ডান উরুতে গুলিবিদ্ধ হলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। ভোররাত সাড়ে চারটার দিকে শাহজাহানপুর কবরস্থানের পাশে একটি প্রাইভেট কার ঠিকাদার আয়নাল হোসেনের (৩৮) মোটরসাইকেলের গতিরোধ করে। গাড়ি থেকে চার-পাঁচজন ছিনতাইকারী নেমে আসে এবং তাঁর পেটে গুলি করে। তাদের একজন ওই মোটরসাইকেলে উঠে এবং অন্যরা গাড়িতে করে পালিয়ে যায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আয়নাল সাংবাদিকদের জানান, ব্যবসায়িক কাজ শেষে সায়েদাবাদ থেকে মেরাদিয়ার বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।এদিকে বুধবার মধ্যরাতে প্রাইভেট কারে আসা তিন-চারজন ছিনতাইকারী মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লকে নিজ বাসার সামনে প্লেনশিট ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের (৩০) মোটরসাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। তাঁকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।