উত্তরা গণভবন ঘিরে আগ্রহী মানুষের ভিড়
খুলে দেওয়ার আগেই নাটোরের উত্তরা গণভবনের সামনে আগ্রহী দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আসছে বহু মানুষ। তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত না হওয়ায় তাঁরা ফিরে যাচ্ছেন। বর্তমানে গণভবনের সংস্কারকাজ চলছে। ভেতরে ঢোকার অনুমতি নেই কারও। প্রধান ফটকে নিরাপত্তারক্ষীর পাহারা। ভেতরে সংস্কারকাজের দায়িত্ব পালনরত ব্যক্তিদের ব্যস্ততা। সংস্কারকাজ কবে শেষ হবে, কবে এটি খুলে দেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি।এ প্রসঙ্গে নাটোরের জেলা প্রশাসক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, গণভবন খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তুতিমূলক কাজও চলছে। এ কাজ শেষ হলেই যত তাড়াতাড়ি সম্ভব এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, গণভবন খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে সেখানে সিসিটিভি ও আর্চওয়ে স্থাপনসহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন উপকরণ কেনা হবে। এর বাজেট তৈরি করছে গণপূর্ত মন্ত্রণালয়। যখন খুলে দেওয়া হবে তখন দর্শনার্থীরা ১০ টাকা দর্শনীর বিনিময়ে প্রবেশের সুযোগ পাবেন। ছুটির দিনসহ প্রতিদিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা সেখানে অবস্থান করতে পারবেন। তবে মূল প্রাসাদে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ থাকবে না। নাটোর জেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দিঘাপতিয়া ইউনিয়নে উত্তরা গণভবন। ভবনের সামনে দিয়ে চলে গেছে পিচঢালা রাস্তা। এ রাস্তায় চলছে রিকশাসহ অন্যান্য যানবাহন। গণভবনের সামনের খোলা জায়গায় বিকেলে বিভিন্ন শ্রেণীর অনেক মানুষ বেড়াতে আসেন। স্থানীয় লোকজন জানান, প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। শীত মৌসুমে ভিড় থাকে অপেক্ষাকৃত বেশি। দর্শনার্থীদের জন্য উত্তরা গণভবন খুলে দেওয়ার দাবি দীর্ঘ দিনের। এখান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারে। পাশাপাশি এ ঐতিহাসিক স্থানটিকে ঘিরে এলাকারও উন্নয়ন ঘটতে পারে। এক শুক্রবারের সকাল। উত্তরা গণভবনের সামনে বেশ কিছু নারী-পুরুষের ভিড়। কেউ এসেছেন জেলার বাইরে থেকে, কেউবা জেলার বাসিন্দা। অনেকে অন্য কাজে নাটোরে এসে সেখানে ছুটে গেছেন ঐতিহাসিক স্থাপনাটি দেখতে। গেটের সামনে দাঁড়াতেই নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন তাঁরা। ভেতরে যেতে না পেরে ফিরে যান, কেউবা বাইরের গেট থেকে ভেতরের দিকে চোখ রাখেন। পাবনা থেকে আসা দর্শনার্থী মনিরুজ্জামান বলেন, ‘রাজার বাড়ি দেখতে এসেছিলাম। রাজা এখানে কীভাবে বসবাস করতেন, তাঁর বাড়িটি কত বড়—এসব বিষয় জানার খুব আগ্রহ। শুনেছি এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। কবে খোলা হবে জানি না।’দিঘাপতিয়া বাজারের আলমগীর হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘অনেক আশা নিয়ে লোকজন দূরদূরান্ত থেকে মানুষ রাজবাড়ি দেখতে আসে। কিন্তু তাঁদের হতাশ হয়েই ফিরে যেতে হয়। আমরা শুনেছি এটি খুলে দেওয়া হবে। এমন খবর প্রায়ই শোনা যায়। শেষ পর্যন্ত আর খুলে দেওয়া হয় না।’ নিরাপত্তাকর্মী সাদ্দামুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে। প্রবেশের অনুমতি না থাকায় তাঁরা ফিরে যান। ভেতরে সব কক্ষ তালাবদ্ধ। সংস্কারকাজ চলছে। কবে খুলে দেওয়া হবে তা বলা যাচ্ছে না।’ গণভবনের ভেতরে দায়িত্বরত কর্মী (পানি সরবরাহকারী) মো. হাবিবুর রহমান ভেতরের বর্ণনা দিতে গিয়ে বলেন, পরিপাটি করে সাজানো-গোছানো রয়েছে গণভবনের ভেতরে। বাড়ির চারপাশে রয়েছে লেক। লেকের পাড়ে বিভিন্ন ধরনের দেশি ফল ও ফুলের গাছ। একটি মিলনায়তন ভবনসহ রয়েছে আরও দুটি ভবন। একটি গাড়ি রাখার স্থান ও খাজনা আদায়ের একটি কক্ষ। এ স্থাপনাগুলো রয়েছে বাড়ির ঠিক মাঝখানে। প্রধান গেট পেরিয়ে সামনে রয়েছে একটি বড় কামান। এটির প্রস্তুত সাল লেখা রয়েছে ১৭৯৯। বাড়ির বিভিন্ন স্থানে রয়েছে ভাস্কর্য। একটি বাগানের চারপাশে চারটি ভাস্কর্য রয়েছে। বাগানটির মাঝখানে রয়েছে একটি ঝরনা। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র।ইতিহাসের পাতায় গণভবন: প্রায় ৩০০ বছরের প্রাচীন দিঘাপতিয়া রাজবাড়িটি নাটোরের উত্তরা গণভবন হিসেবে পরিচিত। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নাটোর রাজ্যের দেওয়ান রাজা দয়ারাম রায়। ১৭০৬ সালে রাজা রামজীবনের কাছ থেকে উপহার হিসেবে তিনি কিছু জমি পেয়েছিলেন। ১৭৩৪ সালে সেই জমিতে নির্মিত হয় এ রাজপ্রাসাদ।রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদা নাথ রায় ১৮৯৭ সালের ১০ জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশনের আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। অধিবেশনের শেষদিন প্রলয়ংকরী এক ভূমিকম্পে প্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর প্রায় ১১ বছর ধরে ৪১ একর জমির ওপর বর্তমান রাজবাড়িটি নির্মাণ করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দিঘাপতিয়ার রাজা দেশত্যাগ করে ভারতে চলে যান। ১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাস হওয়ার পর এই রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে সমস্যা দেখা দেয়। ১৯৬৬ সালে বাড়িটি ইস্ট পাকিস্তান হাউসে পরিণত হয়। ১৯৬৭ সালের ২৪ জুলাই তৎকালীন গভর্নর মোনায়েম খান এটিকে গভর্নর হাউসে রূপান্তরিত করেন।স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন। ১৯৮০ সালের ১৭ নভেম্বর জিয়াউর রহমান রাজধানীর বাইরে প্রথম এই গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেন। এর পরের বিভিন্ন সরকারের সময়ও সেখানে এ ধরনের বৈঠক হয়েছে।