উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রো রেল হবে: প্রধানমন্ত্রী
রাজধানীর যানজট নিরসনে উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের সমীক্ষার কাজ গত মে মাসে শুরু হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে চট্টগ্রামের সাংসদ শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত করে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে আছে রাজধানীর মিরপুর-জিয়া কলোনি ফ্লাইওভার, মগবাজার-মৌচাক ফ্লাইওভার, জুরাইন ওভারপাস, কুড়িল ইন্টারচেঞ্জ এবং যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্প। প্রধানমন্ত্রী বলেন, সুষুম ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যেখানে ২৫ ভাগ রাস্তার প্রয়োজন সেখানে ঢাকায় রয়েছে মাত্র ৭ থেকে ৮ ভাগ রাস্তা। যানবাহন বৃদ্ধির অনুপাতে রাস্তা বাড়ানো প্রয়োজন। এ জন্য সরকার রাজধানীতে নতুন রাস্তা তৈরির চিন্তা করছে। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশন, যোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। যানজট নিরসনে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের তত্ত্বাবধানে বেশ কিছু নতুন বাস রুট চালু করা হয়েছে। শহরের মধ্য থেকে দূরপাল্লার বাস কাউন্টার সরিয়ে আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার উদ্যোগ নিয়েছে।অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। চালকের জন্য কঠোর শাস্তির বিধান করে আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা হ্রাস করতে গণসচেতনতা বৃদ্ধি এবং চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।