উত্তরা লেক থেকে লাশ উদ্ধার
রাজধানীর উত্তরা লেক থেকে আজ শনিবার নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ আল তারিক (৩৪); বাবার নাম আফজাল হোসেন; গ্রামের বাড়ি সাতক্ষীরা শহরের সুলতানপুরে। ঢাকায় ধানমন্ডির ১১/এ সড়কের ৬৪ নম্বর বাসায় থাকতেন তারিক। প্রথম আলো ডটকমকে তারিকের বাবা আফজাল হোসেনের দেওয়া ভাষ্যমতে, তারিক লন্ডনে হোটেল ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি নিয়ে আট মাস আগে দেশে ফেরেন। এরপর ডেনমার্ক যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। নিখোঁজ হওয়ার দিন তারিক খিলগাঁওয়ে খালাতো বোন তানিয়ার বাসা থেকে বেরিয়ে বিকেলের দিকে উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে যান পাসপোর্ট আনতে। রাত সাড়ে নয়টায় তিনি মুঠোফোনে মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এ সময় মাইক্রোবাসে করে বাসায় আসবেন বলে জানান। এর পর থেকে তারিকের মুঠোফোন বন্ধ। তিনি বাসায়ও ফেরেননি। গতকাল সকালে থানায় জিডি করেন তারিকের বাবা আফজাল হোসেন। আজ সকালে উত্তরা পশ্চিম থানা থেকে ছেলের ক্ষতবিক্ষত লাশ শনাক্ত করেন তিনি। আফজাল হোসেনের ধারণা, ছিনতাইকারী চক্রের লোকেরা তারিককে হত্যা করে লাশ লেকে ফেলে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, আজ সকাল নয়টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের পাশে লেকের পানিতে তারিকের লাশ ভেসে ছিল। লাশ উদ্ধার করে তাঁরা থানায় নিয়ে আসেন। এসআই ফিরোজ জানান, তারিকের নাক ও মুখে রক্তের দাগ এবং চোখে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছে পুলিশ।