উত্তরা-সায়েদাবাদ মেট্রো রেলপথের সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সরকারের প্রাক্কলিত ১৭০ কোটি ডলার ব্যয়ে ঢাকা মেট্রো রেলপথের সম্ভাব্যতা যাচাই জানুয়ারিতে সম্পন্ন হচ্ছে।এ-সম্পর্কিত সম্ভাব্যতা যাচাইয়ের দ্বিতীয় পর্ব শেষে জাইকা আগামী মার্চ মাসে তাদের প্রতিবেদন যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডে জমা দেবে।ট্রান্সপোর্টেশন বোর্ডের নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন ভূঁইয়া আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, উত্তরা তৃতীয় পর্ব থেকে সায়েদাবাদ পর্যন্ত ২২ কিলোমিটার রেলপথ নির্মাণে খুবই নগণ্যসংখ্যক বাড়িঘর ভাঙতে হবে।জাপান সরকারের সহায়তার ধরন সম্পর্কে জয়নাল আবেদীন বলেন, মাত্র দশমিক ৩ ভাগ সুদে জাপান সরকার ঢাকায় মেট্রো রেলপথ নির্মাণে অর্থসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।পরিবেশগত প্রতিক্রিয়াবিষয়ক জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সম্ভাব্যতা যাচাইয়ের সর্বশেষ রিপোর্টের ফলাফল সম্পর্কে জয়নাল আবেদীন বলেন, তারা এ পর্যন্ত যে হিসাব দেখিয়েছে তাতে বলা হয়েছে, ২৬১টি অবকাঠামো ও বাড়িঘর ভাঙতে হতে পারে। এতে মাত্র ১ হাজার ৪৬০টি পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ চলতি বছরের ৩০ মে পর্যন্ত স্থাপনার সংখ্যা ছিল ৪০০টি।নির্বাহী পরিচালক বলেন, ইতিমধ্যে জাইকা প্রতিনিধিদল সম্পর্কে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এলাকার স্থানীয় সরকার প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, দোকান-মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে।এ সময় তাঁরা জাইকা প্রতিনিধিদের ঢাকার যানজট নিরসনে ও দ্রুততম সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে সরকারি এই উদ্যোগে সহায়তা করার আশ্বাস দেন।দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের সমঝোতার ভিত্তিতে দেশের প্রথম মেট্রো রেলপথ নির্মাণ কর্মযজ্ঞ সম্পর্কে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলী মুহাম্মদ শামসুল হক বলেন, আগামী ২০১৩ সালে এ রেলপথ নির্মাণের কর্মকাণ্ড শুরু হবে। এ রেলপথ শেষের সময় নির্ধারণ করা হয়েছে ২০১৭ সাল।শামসুল হক বলেন, ইতিমধ্যে উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী পর্যন্ত রেলপথ সমতল ভূমি দিয়ে করার পর মিরপুর আইএমটি থেকে ৯ মিটার উঁচু দিয়ে রোকেয়া সরণি-বিজয় সরণি হয়ে ডানে ঘুরে যাবে।এখান থেকে ফার্মগেট-শাহবাগ-টিএসসি মোড়-ঢাকা মেডিকেল-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশ দিয়ে বঙ্গবাজার-গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ হয়ে কাপ্তানবাজার দিয়ে সায়েদাবাদ গিয়ে শেষ হবে।জয়নাল আবেদীন জানান, এ জন্য ১৮টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে: উত্তরা তৃতীয় পর্ব, উত্তরা সেন্ট্রাল, উত্তরা সাউথ, আইএমটি, পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, চন্দ্রিমা উদ্যান, ফার্মগেট, সোনারগাঁও হোটেল, শাহবাগ, টিএসসি, শহীদুল্লাহ হল, কাপ্তানবাজার, বঙ্গভবন, সায়েদাবাদ।—বাসস