উত্তরাখন্ডে বন্যায় হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাখন্ড রাজ্যে শতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৭০ হাজারের বেশি লোক এখনো নিখোঁজ। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা এই দুর্যোগপূর্ণ ঘটনাকে ‘হিমালয়ের সুনামি’ বলে অভিহিত করেছেন। এতে ব্যাপক প্রাণহানি ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সরকারিভাবে এ পর্যন্ত ২০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।রাজ্যের স্বরাষ্ট্রসচিব ওম প্রকাশের বরাত দিয়ে খবরে বলা হয়, বন্যাদুর্গত অনেক এলাকায় উদ্ধারকর্মীরা এখনো ঢুকতে পারেননি। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অনেকে মারা গেছে।নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই চরধাম, বদরিনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনত্রী তীর্থস্থানের যাত্রী। এসব তীর্থযাত্রী দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু থেকে এসেছেন।গতকাল বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার প্রধান সোনিয়া গান্ধী বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান। হেলিকপ্টারে করে তাঁরা আকাশ থেকে উত্তরাখন্ডের ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। বন্যার পানি কমতে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন স্পষ্ট হয়ে উঠছে।প্রধানমন্ত্রী মনমোহন সিং একে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। তিনি এক হাজার কোটি টাকার ত্রাণ-সাহায্য ঘোষণা করেছেন।বন্যায় উত্তরাখন্ড রাজ্যের ৬০টিরও বেশি গ্রাম বিধ্বস্ত হয়েছে। উত্তরাখন্ডের প্রসিদ্ধ কেদারনাথ মন্দিরটি ছয় ফুট পুরু কাদার নিচে দেবে গেছে। কেদারনাথে যাওয়ার রাস্তাটিও বিধ্বস্ত হয়ে গেছে। মন্দিরটি এক বছর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।উদ্ধারকাজে সেনাবাহিনীর ১৮টি বিশেষ দল কাজ করছে। বদরিনাথ ও কেদারনাথ মন্দিরে আটকা পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের আরও ১০টি উদ্ধারকারী দল কাজ করছে। রাজ্যের অধিকাংশ রাস্তাঘাটে পুরু কাদার স্তর জমে থাকায় ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ায় উদ্ধারকর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।এ পর্যন্ত ১০ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজের জন্য আগামী শনিবার আরও ছয় হাজার সেনাসদস্যকে ওই এলাকায় মোতায়েন করা হবে। খাদ্য, পানি ও অন্যান্য সহায়তার জন্য ৪০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।