উত্তরাঞ্চল অভিমুখে চার দলের রোডমার্চ আজ
উত্তরাঞ্চল অভিমুখে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ আজ। সকাল ১০টায় ঢাকার উত্তরা থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে এই রোডমার্চ শুরু হবে। বিএনপির দাবি, ঢাকা থেকে রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে রোডমার্চ শেষ হবে। বহরে থাকবে অন্তত তিন হাজার গাড়ি। এই রোডমার্চ কর্মসূচিতে দুটি জনসভা ও চারটি পথসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। রোডমার্চের প্রস্তুতি সম্পর্কে জানাতে গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সিলেট অভিমুখে রোডমার্চের সফলতা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এ জন্য তারা রোডমার্চে বাধা দেওয়ার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করতে উল্টাপাল্টা কথা বলছে। রোডমার্চ সরাসরি সম্প্রচারের জন্য বিএনপি একটি ওয়েবসাইট খুলেছিল। বিটিআরসি সেটিও বন্ধ করে দিয়েছে।রোডমার্চকে ‘রোড শো’ আখ্যায়িত করে রোববার শ্রীপুরের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও গাড়িতে চড়ে একসময় রোডমার্চ করেছেন। আওয়ামী লীগের চরিত্র হলো ডাবল স্ট্যান্ডার্ড। কোনো কাজ তারা করলে সেটা ভালো। আর অন্যরা করলে সেটা দোষের হয়।’ প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী রোডমার্চে ব্যবহূত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি গাড়ির মধ্যে থাকা মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? যদি গাড়ির ভেতরের মানুষের ব্যবস্থা নিতে চান, তাহলে বলব, গাড়ির ভেতরে যাঁরা থাকেন তাঁরা বিএনপির কর্মী।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রোডমার্চে অংশ নেওয়া গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু যাঁরা প্রতিদিন দামি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আর সচিবালয়ে যান, তাঁদের বিরুদ্ধে কি তিনি ব্যবস্থা নেবেন?’তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে চারদলীয় জোট রোডমার্চ কর্মসূচি পালন করছে। প্রথম রোডমার্চটি হয় ১০ অক্টোবর সিলেট অভিমুখে। ঈদের পর চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একই কর্মসূচি পালনের কথা রয়েছে। বিএনপি জানায়, আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে, টাঙ্গাইলের ভূঞাপুরে ও সিরাজগঞ্জে পথসভা হবে। এরপর বিকেলে বগুড়ায় জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া। সেখানে রাতে রোডমার্চ বহর অবস্থান করবে। পরের দিন বুধবার বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হবে। ওই দিন নওগাঁয় পথসভা এবং বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।বগুড়ায় প্রস্তুতি: বগুড়া থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, বগুড়ায় জনসভা সফল করতে পাড়া-মহল্লা, গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ, প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মাইকিং চলছে। গতকাল জেলা বিএনপির উদ্যোগে বড় একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায়। খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বগুড়া শহরকে। শহরের প্রবেশমুখ বনানী, চারমাথা, তিনমাথা, শাকপালা, মাটিডালিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিশাল আকৃতির ছবি লাগানো হয়েছে। জেলা বিএনপি জানিয়েছে, জনসভা ও রোডমার্চ ঘিরে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পর্যন্ত ৬০ কিলোমিটার এবং বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বগুড়া শহরেই ১০০টি তোরণ নির্মাণ করা হয়েছে।