উত্তরাঞ্চলে এক মাসে ১০ ট্রেন বন্ধ
রংপুর রেলওয়ে স্টেশন দিয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ১০টি ট্রেন এক মাসে বন্ধ করে দেওয়া হয়েছে। চালকসহ প্রয়োজনীয় লোকবল না থাকায় ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আন্তনগর ‘তিস্তা’ ও ‘একতা’ এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করা হয়।এই ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় রংপুর থেকে ঢাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুরগামী এবং এসব এলাকা থেকে রংপুর অভিমুখী হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। পাশাপাশি মালামাল পরিবহনে ব্যয় ও ঝামেলা বেড়েছে।রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) রফিকুল আলম গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘চালক, সহকারী চালক না থাকা ওই ট্রেনগুলো বন্ধ হওয়ার প্রধান কারণ।’ তিনি বলেন, কিছু ইঞ্জিনের সমস্যা আছে। সেটা মেরামত করলে ঠিক হয়। কিন্তু লোকবলের সমস্যা কাটিয়ে ওঠা যাচ্ছে না।রংপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রংপুর রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী যেসব ট্রেন এক মাসে বন্ধ করা হয়েছে, সেগুলো হলো কুড়িগ্রাম থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী রমনাবাজার এক্সপ্রেসের দুটি ট্রেন, লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী লোকাল ও মেইল ট্রেন ছয়টি এবং গাইবান্ধার বোনারপাড়া থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেসের দুটি ট্রেন। গত ৩ মে থেকে ২ জুনের মধ্যে এই ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়। এগুলো এখন পড়ে আছে রেলওয়ের লালমনিরহাটে জংশনে।ট্রেনগুলো বন্ধ করে দেওয়ায় যাত্রীদের অনেক পথ ঘুরে ও অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে করে যেতে হচ্ছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন মাত্র তিনটি ট্রেন রংপুর রেলওয়ে স্টেশন হয়ে লালমনিরহাট থেকে দিনাজপুরের বিরল, দিনাজপুর থেকে নওগাঁর সান্তাহার এবং ঠাকুরগাঁও থেকে সান্তাহার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করছে। রংপুর থেকে ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলোয় যাওয়ার জন্য আগে বেশ কয়েকটি ট্রেন থাকলেও এখন একটিও নেই।ট্রেন না থাকায় রংপুর থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জে যেতে যাত্রীদের অনেক পথ ঘুরতে হয়। কারমাইকেল কলেজে পড়াশোনা করছেন দেওয়ানগঞ্জের আলী হোসেন ও জামালপুরের শওকত হোসেন। গত মঙ্গলবার তাঁরা প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকায় যেতে ট্রেনই সুবিধাজনক। কিন্তু এখন কোনো ট্রেন নেই।মালামাল পরিবহনের ক্ষেত্রেও ট্রেন সুবিধাজনক বাহন। ট্রেনে করে মালামাল পরিবহন করতেন এমন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মঙ্গলবার এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের মধ্যে পৌর বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, এখন বাসে করে পণ্য নিতে খরচ বেশি পড়ছে। সেই সঙ্গে বেড়েছে ভোগান্তি।অনেকেই ট্রেন বন্ধ হওয়ার কথা জানেন না। তাই রেলস্টেশন থেকে প্রায়ই যাত্রীদের ফিরে যেতে দেখা যায়। রংপুর থেকে কুড়িগ্রামের উলিপুরে নিজ বাড়িতে যেতে চেয়েছিলেন মোখলেছুর রহমান। ট্রেন না পেয়ে মঙ্গলবার রংপুর রেলস্টেশনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি অসুস্থ। তাই সব সময় ট্রেনে যাতায়াত করি। কিন্তু এখন তা বন্ধ হয়ে গেল।’রংপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, রংপুরকে বিভাগ করা হলেও এটি অনুন্নতই থাকছে। বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় চালুর দাবি জানান তিনি।চালকসহ প্রয়োজনীয় লোকবলের অভাবে সম্প্রতি ট্রেনগুলো বন্ধ করার কথা নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল বাসেদ। তিনি বলেন, চালকদের কয়েকজন অবসরে গেছেন। তাই এ সমস্যা হচ্ছে।এদিকে অ্যাডভোকেট এম এ বাশার, বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী মো. জুননুন, রাজনীতিক সাখাওয়াত রাঙ্গাসহ বিভিন্ন পেশার মানুষ গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঢাকাসহ বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগের জন্য ওই ট্রেনগুলো পুনরায় চালুর দাবি জানান।