উত্তরাঞ্চলে কাল শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে এবং তাঁকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।ইয়াছিন আরাফাত বলেন, শিবিরের সভাপতির বাড়ি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ কারণেই উত্তরাঞ্চলের এই দুই বিভাগের ১৬টি জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।হরতালের সমর্থনে জঙ্গি মিছিল, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুর করে জনমনে ত্রাস সৃষ্টি করার অভিযোগে গত ৩১ মার্চ দেলোয়ার হোসেনকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালত তাঁকে দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।