দেশের উত্তরাঞ্চলের নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে বাঁধ ও সড়ক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধ ধসের আশঙ্কায় সেনা মোতায়েন করা হয়েছে। দুর্গত অনেক এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: জেলার ওপর দিয়ে প্রবাহিত অন্তত ১৬টি নদনদীর পানি বাড়তে থাকায় বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানির তোড়ে রৌমারী উপজেলার কর্তিমারী বাজার এলাকার রৌমারী ডিসি সড়ক শুক্রবার দুপুরে ভেঙে গেছে। এতে রৌমারীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজীবপুর উপজেলা শহররক্ষা বাঁধ ভেঙে উপজেলা পরিষদ চত্বর প্লাবিত হয়েছে। দাঁতভাঙ্গা-রৌমারী সড়কের ইটারুকান্দায় ৫০ মিটার সড়ক ভেঙে যাওয়ায় পানি ঢুকে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। এই এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিভিন্ন উঁচু সড়ক ও বিদ্যালয়ে আশ্রয় নিতে শুরু করেছে। তবে পানি বাড়তে থাকায় তারা সেখানেও থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সদরের সাহেবের আলগা এলাকায় গিয়ে দেখা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পটি ঝুঁকির মুখে পড়েছে। বিপদ সংকেত হিসেবে সেখানে লাল পতাকা ওড়ানো হয়েছে। সব মিলিয়ে জেলার নয়টি উপজেলার ৫৮টি ইউনিয়নের অন্তত পাঁচ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ জেলার সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ও ধরলার পানি ধরলা সেতু পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও খাদ্য-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জাফর আলী গতকাল শনিবার যাত্রাপুর, পাঁচগাছি ও ঘোগাদহ ইউনিয়নের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন ও ত্রাণ বিতরণ করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বন্যাদুর্গত ব্যক্তিদের সহায়তার জন্য সরকার কুড়িগ্রামের জন্য ৬৫০ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শনিবার সরকারি বরাদ্দের ৩৮ মেট্রিক টন চাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলার হাটবাড়ী গ্রামের সাবিনা বেগম (৪) ও সুন্দরগঞ্জ উপজেলার বোচাগারী গ্রামের আপেল মিয়া (৭২) গতকাল পানিতে ডুবে মারা যান। গতকাল জেলা সদরের অদূরে ফারাজিপাড়া এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কিছু অংশে পানি উঠেছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘাঘট নদীর পানি বেড়ে যাওয়ায় গতকাল সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাঁপাদহ, বালুয়াসহ চারটি, খোলাহাটি ইউনিয়নের আনালেরতারি, হাসেমবাজার ও কুমারপাড়া প্লাবিত হয়েছে। যমুনার পানি বেড়ে যাওয়ায় সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, খামার পবনতাইড়, পূর্ব ঝাড়াবর্ষা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা ও তারাপুর গ্রাম প্লাবিত হয়েছে। সাঘাটার পুঁটিমারী এলাকায় ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশরাফুদ্দৌলা জানান, শনিবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ও ঘাঘটের পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনার পানি গতকাল বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জেলা সদরের খোকসাবাড়ী ইউনিয়নের শৈলাবাড়ী, খোকসাবাড়ী ও শহরতলির ১০টি গ্রামসহ জেলার নয়টি উপজেলার অর্ধশতাধিক গ্রামে নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। জেলার চরাঞ্চলের দুর্গত ব্যক্তিরা বাঁধ বা উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। এসব এলাকায় গতকাল রাত পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পৌঁছায়নি। ধসের আশঙ্কায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে গতকাল সকালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।এদিকে গতকাল ভোরে পানির প্রবল চাপে চৌহালী উপজেলা পরিষদ রক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। গতকাল বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানান, বালুভর্তি বস্তা ও সিসি ব্লক ফেলে ধস নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পাউবোর মহাপরিচালক সাইদুর রহমান সকালে চৌহালী এবং বিকেলে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকা পরিদর্শন করেছেন। ধুনট (বগুড়া): উপজেলার শহরাবাড়ী ঘাট পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার ১৩টি গ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গতকাল বেলা তিনটায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের শহরাবাড়ী স্পারের ২০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া, ভুতবাড়ী, মাধবডাঙ্গাসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, পানি বাড়ার কারণে এসব এলাকায় নতুন করে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এলাকার রাধানগর, কৈয়াগাড়ী, বৈশাখী, শহড়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। বন্যাকবলিত এলাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। পুকুরিয়া গ্রামের কামাল হোসেন বলেন, ‘তিন দিন ধইরা পানির মধ্যে বন্দী হইয়া রইছি। এহন পর্যন্ত আমাইগরে কেউ সাহায্য হরতে আইল না।’ ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম জানান, নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী লোকের সংখ্যা বাড়ছে। ১৩টি গ্রামের অন্তত এক হাজার ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত ব্যক্তিদের জন্য এখনো ত্রাণ বরাদ্দ করা হয়নি। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি জানান, দুর্গত ব্যক্তিদের জন্য এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার এই চাল বিতরণ করা হবে। বগুড়া জেলার পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, যমুনা নদীতে পানি বাড়ছে। বিভিন্ন স্থানে সড়ক ও স্পারের ভাঙনকবলিত স্থানে বালুভর্তি ব্যাগ ফেলা হচ্ছে।