উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস, ট্রাক ও কোচ শ্রমিকদের ওপর পুলিশের হয়রানি-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলের নেতারা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।বৈঠকে রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার স্বপন কুমার রায়, জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখত, উত্তরাঞ্চল পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিভিন্ন জেলার শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উত্তরাঞ্চল পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, চাঁদাবাজির অভিযোগে জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী এমরানকে বরখাস্ত করা, রাজপথে পুলিশের চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতিসহ সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিয়া জানান, জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী এমরানকে বরখাস্ত করা; বাস-ট্রাক-কোচ শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধ করা; উত্তবঙ্গের সব বেসিক ইউনিয়নের পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার; গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি; পুলিশের চাঁদাবাজি বন্ধ; নছিমন-করিমন বন্ধ ও ব্যাটারিচালিত অটোরিকশা নির্ধারিত পৌরসভা বা সিটি করপোরেশনের বাইরে চলাচল করতে না দেওয়া; পরিবহন শ্রমিকদের বেতন, খোরাকি বৃদ্ধি ও নিয়োগপত্র প্রদানসহ প্রচলিত শ্রম আইন অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ; সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে করা সরকারের চুক্তিগুলো বাস্তবায়ন এবং বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন করে ভলিউমভুক্ত করার দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়।