উত্তরাঞ্চলে হঠাৎ বেড়েছে ডিজেলের ব্যবহার, পাচারের আশঙ্কা
দেশে কিছুদিন ধরে ডিজেলের ব্যবহার বেড়ে গেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, দিনাজপুরসহ আশপাশের জেলায় ডিজেলের ব্যবহার বেড়েছে। উত্তরাঞ্চলের বড় তেলের ডিপো বাঘাবাড়ী ও পার্বতীপুরে ডিজেল মজুদের পরিমাণ অর্ধেকের কমে নেমে এসেছে। চট্টগ্রামের মূল ডিপো থেকে জাহাজে ও রেলের ওয়াগনে তেল পাঠিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তদারকিতে ডিজেলের অস্বাভাবিক চাহিদার বিষয়টি ধরা পড়েছে। এ অবস্থায় দেশের চাহিদা মেটাতে বিপিসি অন্তত এক জাহাজ বাড়তি ডিজেল আমদানির চিন্তা করছে। এতে প্রায় ১৩০ কোটি টাকা বাড়তি খরচ হবে।মাঠপর্যায়ের পরিস্থিতি দেখতে বিপিসির পরিচালক (বিপণন) মো. নুরুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলকে গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার তেলের ডিপোতে পাঠানো হয়। এ দলের অন্য সদস্যরা হলেন: পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামসুদ্দোহা ও মেঘনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ আশরাফুজ্জমান। বিপিসির কর্মকর্তারা মনে করছেন, ভারতে ডিজেলের দাম তুলনামূলক বেশি। উত্তরাঞ্চল থেকে চোরাইপথে ভারতে ডিজেল পাচার হচ্ছে।বিপিসির পরিচালক (বিপণন) নুরুল আলম বলেন, ‘দামের বড় পার্থক্য থাকায় সন্দেহ হচ্ছে ভারতে কিছু ডিজেল পাচার হচ্ছে। এবার কিছুটা দেরিতে বোরো চাষ শুরু এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনেও ডিজেল বেশি ব্যবহার হতে পারে।’ দেশে প্রতি লিটার ডিজেলের দাম ৪৪ টাকা, যা ভারতে ৪০ রুপি (৬৫ টাকা)।বিপিসির জ্বালানি তেল সরবরাহ ও মজুদবিষয়ক তদারকি সেলের প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলের বড় তেলের ডিপো বাঘাবাড়ীতে গত রোববার ডিজেল ছিল ১৩ হাজার মেট্রিক টন। এ ডিপোতে ৩৪ হাজার ৪৭২ টন ডিজেল মজুদ রাখার সুবিধা আছে। পার্বতীপুরে ডিজেলের মজুদ ছিল প্রায় দুই হাজার টন। এ ডিপোর ধারণক্ষমতা নয় হাজার ৬৬ টন। ওই দিন রংপুর, নাটোর ও বালাসি ডিপো ছিল খালি। ডিপোগুলো থেকে মাত্রাতিরিক্ত ডিজেল উত্তোলনের কারণে এ অবস্থা হয়েছে। তা ছাড়া নাব্যসংকট, রেলের ট্যাংক-ওয়াগন এবং ইঞ্জিনস্বল্পতার কারণে উত্তরাঞ্চলে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিপিসির অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগ ডিজেল চোরাচালান বন্ধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নজরদারি বাড়াতে গত বৃহস্পতিবার সীমান্তবর্তী জেলার প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে। এর আগে গত মঙ্গলবার বিপিসি থেকে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলকে চিঠি দিয়ে মাঠপর্যায়ের বিক্রির পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়।চিঠিতে বলা হয়, ডিপো থেকে অস্বাভাবিক হারে ডিজেল উত্তোলন করা হচ্ছে। অসৎ ব্যবসায়ীরা সীমান্ত এলাকায় তেলের মজুদ গড়ে তুলেছেন। এ অবস্থায় কিছু ডিজেল পাচার হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।বিপিসির হিসাবে দেখা যায়, দেশে প্রতি মাসে ডিজেলের ব্যবহার এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ মেট্রিক টন। বোরো মৌসুমে (সেচ মৌসুম) উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ চাহিদা বেড়ে দুই থেকে আড়াই লাখ টনে উন্নীত হয়। বছরের ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সেচ মৌসুম ধরা হয়।জানা গেছে, চলতি মাসের ২৩ দিনে দেশে ডিজেল বিক্রি হয়েছে প্রায় দুই লাখ ৩৫ হাজার মেট্রিক টন। এ হিসাবে মাস শেষে ডিজেল বিক্রির পরিমাণ তিন লাখ টন ছাড়িয়ে যেতে পারে।বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এক জাহাজ ডিজেল (৩০ হাজার টন) চট্টগ্রাম বন্দরে খালাস করতে সময় লাগে চার দিন। আর এখন ৩০ হাজার মেট্রিক টন ডিজেল বিক্রি হচ্ছে মাত্র আড়াই-তিন দিনে।বিপিসির পরিচালক (অপারেশনস ও পরিকল্পনা) সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ডিজেলের এই বাড়তি চাহিদা মেটাতে চলতি মাসেই এক জাহাজ ডিজেল আমদানি করতে হবে। ৩০ হাজার মেট্রিক টনের এক জাহাজ ডিজেল আমদানিতে ব্যয় হবে প্রায় এক শ ৩০ কোটি টাকা।