উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ
বগুড়ার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে মহাখালী বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে গতকাল শনিবার রাত থেকে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে ঢাকার সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নতুন বিলাসবহুল বাস চালু নিয়ে এই দ্বন্দ্ব হয়। বগুড়া-মহাখালী রুটে বগুড়ার মোটরমালিকদের দুটি বিলাসবহুল বাস চালু উপলক্ষে মহাখালী বাস টার্মিনালে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর জের ধরে গত শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া টার্মিনাল থেকে মহাখালী বাসমালিকদের সব বাস বের করে দিয়ে বগুড়ার মালিক-শ্রমিক নেতারা কাউন্টারে তালা ঝুলিয়ে দেন। তাঁরা বগুড়ার ওপর দিয়ে জয়পুরহাট ও নওগাঁ জেলা এবং রংপুর বিভাগের সব জেলার ঢাকা অভিমুখী দূরপাল্লার সব গাড়ি বন্ধ করে দেন।এর প্রতিবাদে মহাখালী টার্মিনাল থেকে বগুড়ার মালিকদের সব বাস বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেন সেখানকার মালিক-শ্রমিকের নেতারা। এদিকে আকস্মিকভাবে দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। অগ্রিম টিকিট কেটেও বাস বন্ধের কারণে গন্তব্যে রওনা দিতে পারেননি তাঁরা। কাউন্টার বন্ধ থাকায় অনেক যাত্রী টিকিটের টাকাও ফেরত পাননি।বগুড়ার জেলা প্রশাসক সরোয়ার মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বগুড়া ও ঢাকা জেলার কোচমালিকদের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।’