উত্তরাঞ্চলের ৭২টি পৌরসভায় বিএনপির নির্বাচন বর্জনের হুমকি
আগামী দুই দিনের মধ্যে পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে না এলে বিএনপি উত্তরাঞ্চলের সব পৌরসভা নির্বাচন বয়কট করবে। সরকারদলীয় প্রার্থীদের জয়ী করতে পুলিশ ও র্যাব দিয়ে বিরোধীদলীয় প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের নির্যাতন এবং গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা ও সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু । পৌরসভা নির্বাচনে উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগের) সমন্বয়কারী এই নেতা আজ রোববার তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।ইকবাল হাসান আরও বলেন, সরকারদলীয় প্রার্থীরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই সঙ্গে শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, কাজীপুরে বিএনপিদলীয় প্রার্থী ও তাঁদের কর্মীদের প্রচারকাজে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তোলা হচ্ছে। তাই তিনি উত্তরাঞ্চলের ৭২টি পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।মধ্যবর্তী নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের প্রক্রিয়া না থাকায় বিএনপি এই পৌর নির্বাচনকে মধ্যবর্তী নির্বাচন হিসেবে নিয়েছে। এই নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার এসেছে। কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের মদদপুষ্ট লোকজন তা বানচাল করার চেষ্টা চালাচ্ছে।