দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে মকবুল সাহেব সম্প্রতি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মকবুল সাহেব সরকারি ও বেসরকারি দুটি ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখে যান। তাঁর ছেলে ও স্ত্রী ব্যাংক দুটি থেকে টাকা ওঠাতে গেলে ব্যাংক থেকে জানানো হয়, তাঁদের উত্তরাধিকার সনদ (সাকসেশন সার্টিফিকেট) জমা দিতে হবে। এই সনদ ছাড়া ব্যাংকের টাকা উত্তোলন করা যাবে না। উত্তরাধিকার সনদ পেতে জেলা জজ আদালতে আবেদন করতে হয়। মৃত ব্যক্তির নামীয় টাকা উত্তোলনের জন্য জেলা জজ আদালতে বা তাঁর মনোনীত অন্য কোনো আদালত থেকে নির্দিষ্ট পদ্ধতিতে এই সনদ তুলতে হয়। মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের মধ্যে যিনি টাকা তুলবেন, আদালতে তাঁর আবেদন করতে হবে এবং আবেদনের সঙ্গে হলফনামা দিতে হবে, যাতে উল্লেখ থাকবে: ১. মৃত ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক কী, ২. মৃত ব্যক্তি এ টাকা কাউকে দান বা উইল করে গিয়েছেন কি না, ৩. উইলের জন্য কোনো প্রবেট বা লেটার অব অ্যাডমিনিস্ট্রেশন দরখাস্ত মৃত ব্যক্তি দাখিল করে গিয়েছেন কি না।এসবের সঙ্গে সিটি করপোরেশন, পৌরসভা বা চেয়ারম্যানের অফিস থেকে বা কমিশনারের কাছ থেকে মৃত ব্যক্তির মৃত্যুর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। মৃত ব্যক্তিকে যে কবরস্থানে সমাহিত করা হয়েছে, সেই মর্মে একটি প্রত্যয়নপত্র। ওই ব্যক্তি যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে সেখান থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।মৃত ব্যক্তি কোন ব্যাংকে কত টাকা রেখে গেছেন, সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি সনদ (ব্যালান্স কনফারমেশন লেটার) ওঠাতে হবে এবং আদালতে জমা দিতে হবে।সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদপত্র উত্তোলনের মামলায় নির্দিষ্ট কোর্ট ফি জমা দিতে হয়। সাধারণত উত্তরাধিকার সনদ পেতে দুই থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে ব্যাংক যদি নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য কোনো নমিনি করে দিয়ে থাকে, ওই নমিনির টাকা উত্তোলনের জন্য উত্তরাধিকার সনদ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু অনেক ব্যাংক থেকে এই টাকা উত্তোলনের জন্য সনদ জমা দিতে হতে পারে। মনে রাখতে হবে, ব্যাংক-বিমাতে টাকা উত্তোলন ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্থানীয় কমিশনারের কাছ থেকে উত্তরাধিকার-সংক্রান্ত সনদ নিয়ে চালানো যায়।১৯২৫ সালের উত্তরাধিকার আইন অনুযায়ী উত্তরাধিকার সনদ পেতে জজ আদালতে মামলা করতে হয়। জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিলের সুযোগ রয়েছে।