উত্তরায় কোচিং সেন্টার থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে গতকাল রাতে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম শিল্পী খাতুন (২০)। গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার বীর গোবিন্দ গ্রামে। কয়েক মাস আগে তিনি জামালপুর থেকে শহীদ ক্যাডেট কোচিং নামের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে গৃহকর্মী হিসেবে কাজ করতে আসেন।উত্তরা থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে পুলিশ খবর পেয়ে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির শহীদ ক্যাডেট কোচিং সেন্টার থেকে ওই গৃহকর্মীর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়ানো অবস্থায় উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে মৃত্যু কীভাবে হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় উত্তরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।