উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর উত্তরায় আজ বৃহস্পতিবার একটি বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিউলি (১৫) ও জেরিন (১৫) নামের দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সকাল সোয়া সাতটার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৪ নম্বর সড়কের ২০ নম্বর বাসার এ/৪ নম্বর ফ্ল্যাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, শিউলি ও জেরিন উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই বাসায় গৃহকর্মীর কাজ করত। আজ সকালে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি থানায় এসে উল্লিখিত ঠিকানায় দুই গৃহকর্মীর মৃত্যুর কথা জানান। পরে উত্তরা পশ্চিম থানার পুলিশ ওই বাড়ির রান্নাঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এএসআই জানান, তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে।