উত্তরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান প্রথম আলো ডটকমের কাছে এ দাবি করেন।র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ক্যাপ্টেন অভিষেক আহমেদের ভাষ্য, নিহত দুজন হলেন জহিরুল ইসলাম ও সাজু আকন্দ।নাম প্রকাশ না করার শর্তে র্যাবের একজন কর্মকর্তা দাবি করেন, কয়েক দিন ধরে উত্তরায় ক্রেডিট কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার কার হয়। আজ বুধবার ভোর চারটার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের জনপথ মোড়ে র্যাব-১-এর সদস্যদের সঙ্গে ক্রেডিট কার্ড ছিনতাই দলের সদস্যদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে ওই দুজন নিহত হন।ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে র্যাব-১-এর ডিএডি আলিমুজ্জামান দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।র্যাবের একাধিক দায়িত্বশীল সূত্র দাবি করেছে, এ চক্রটি হত্যা, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। সম্প্রতি র্যাডিসন হোটেলের এক নারীকর্মীকে হত্যা ও তাঁর ক্রেডিট কার্ড ছিনতাই করে বুথ থেকে টাকা তোলার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলেয়া ফেরদৌসি নামের ওই নারীকর্মী গত ১৩ এপ্রিল কাওলা থেকে র্যাডিসন হোটেলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় কালো কাচে ঢাকা একটি গাড়ি তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে। এতে রাজি হন আলেয়া। ওই দিন থেকে আলেয়া নিখোঁজ ছিলেন। পরে গাজীপুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর মৃত্যুর পর তাঁর ট্রাস্ট ব্যাংকের কেডিট কার্ড দিয়ে ছিনতাইকারীরা টাকা তুলে নেয়। সিসি টিভিতে বিষয়টি ধরা পড়ে। বন্দুকযুদ্ধে আজ যাঁরা নিহত হয়েছেন, তাঁরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাউলা মধ্যপাড়া এলাকার জমিদার বাড়িতে আলেয়া সপরিবারে ভাড়া থাকতেন। গত সোমবার দুপুর দুইটা থেকে রাত ১১ পর্যন্ত হোটেলে তাঁর দায়িত্ব ছিল। দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে যান তিনি। সময়মতো কাজে যোগ না দেওয়ায় রেডিসন হোটেল থেকে আলেয়ার বড় ভাই মজিবর রহমানকে ফোন করে আলেয়ার কাজে না আসার কারণ জানতে চাওয়া হয়। আলেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পান বড় ভাই। এতে তাঁর সন্দেহ হয়। পরে তিনি ঢাকার খিলক্ষেত ও দক্ষিণখান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে সহায়তা না পেয়ে র্যাব-১এর কার্যালয়ে বিষয়টি জানান।