উত্তরার আলাউদ্দিন টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরে ১৬ তলাবিশিষ্ট আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে বহুতল ভবনটিতে আগুন লাগে। রাত নয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাইম মো. শাহিদ উল্লাহ বলেন, ভবনটির ভূগর্ভস্থ তলায় লিফট বা জেনারেটর বা উভয়টির তার থেকে এই আগুনের সূত্রপাত। এতে প্রচুর ধোঁয়া বের হয়। আগুন ভবনটির ছয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ভবনটির ছয় তলা পর্যন্ত মার্কেট। আর ছয় তলার ওপরে আবাসিক ফ্ল্যাট। ফ্ল্যাট ও ভবনটির ছাদে অবস্থান করা লোকজন এখন নিরাপদে আছে। ভবনটি থেকে ধোঁয়া বের করে দেওয়ার জন্য এখন ভবনের সব কটি দরজা খুলে দেওয়া হচ্ছে।