উত্তরার রাস্তাঘাটে নির্মাণসামগ্রী
নগরের প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা উত্তরা। এখানকার সড়কগুলো নগরের অন্যান্য সড়ক থেকে বেশ চওড়া। পথচারীদের স্বাচ্ছন্দ্যে হাঁটার জন্য রয়েছে সুপ্রশস্ত ফুটপাত। উত্তরায় সারা বছরই চলে ভবন নির্মাণের কাজ। আর নির্মাণাধীন এসব ভবনের ইট, বালু, সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয় মূল সড়কে, নয়তো ফুটপাতে। এতে করে যেমন মূল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, তেমনি ফুটপাত দিয়ে চলাচলকারী পথচারীদের পড়তে হচ্ছে বেকায়দায়। অন্যদিকে পাইলিং, রড পেটানো এবং ইট ভাঙার মেশিনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শব্দদূষণের শিকার হচ্ছেন এলাকাবাসী। উত্তরা ১৩ ও ১৪ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের দুই পাশে ভবন নির্মাণের যেন মহাযজ্ঞ চলছে। একটু পরপরই সড়কে কিংবা ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে ইট, বালু ও টনকে টন রড। ভবন নির্মাণের পূর্বপ্রস্তুতিস্বরূপ দুম দুম শব্দ করে চলছে পাইলিং। মূল সড়কের ওপর ঠাস ঠাস শব্দ করে ভারী লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করা হচ্ছে রড। থেমে নেই যন্ত্রদানব ইটভাঙা মেশিনের বিকট শব্দ। সব মিলিয়ে জগাখিচুড়ি অবস্থা। একই চিত্র দেখা গেল ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম ও গরিবে নেওয়াজ এভিনিউয়ে। ভবন নির্মাণের এমন মহাযজ্ঞে শরিক হয়েছে উত্তরার অন্যান্য সেক্টরের বাসিন্দারাও। এ বিষয়ে ৫ নম্বর সেক্টরের বাসিন্দা আবু সালেহ বলেন, ‘উত্তরায় ফাঁকা জায়গা বলতে আর কিছু রইল না। যেসব প্লট খালি ছিল, সেখানে দিনকে দিন নতুন ভবন হচ্ছে। ফাঁকা ছিল শুধু ফুটপাত আর রাস্তা। সেখানেও নির্মাণসামগ্রী রেখে দখল করে রাখা হয়েছে।’ফুটপাতে ঠাঁই মেলে না পথচারীদেরউত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে ফুটপাত বলতে কিছুই নেই। ফুটপাতজুড়ে নির্মাণাধীন ভবনের ইট, বালু, আর রড-সিমেন্টের রাজত্ব। যার খানিকটা দখল করে আছে সড়কও। এতে করে পথচারীদের হাঁটাচলায় অসুবিধা হচ্ছে। সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে নির্মাণাধীন ভবন ডিপ্লোম্যাট প্রপার্টিজের সাইট ইঞ্জিনিয়ার দিদার বলেন, ‘বিল্ডিং বানাতে গেলে এর সামনের জায়গা তো ব্যবহার করতেই হবে। ইট, বালু কোথায় রাখব? আমাদের আপ্রাণ চেষ্টা থাকে যাতে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে না হয়।’ ভবন নির্মাতারা নিজেদের বাঁচাতে যতই সাফাই গাক না কেন, এসব এলাকার পথিকেরা কিন্তু স্বস্তিতে নেই। তারই প্রমাণ পাওয়া গেল ১৩ নম্বর সেক্টরে বাসিন্দা দিলীপ বড়ুয়ার কথায়। তাঁর ভাষ্য, ‘এ দেশে আইন থাকলেও তার বাস্তবায়ন নেই। আর তাই তো ভবন নির্মাণের ক্ষেত্রে আইনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন ভবন নির্মাতার। পরিণামে পথিকেরা তাঁদের হাঁটাচলার পথটুকুও খুঁজে পাচ্ছেন না।’ সোনারগাঁও জনপথ রোডের একটি নির্মাণাধীন ভবনের সাইট ইনচার্জ রাশেদুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁদের নির্মাণসামগ্রী ফুটপাতে রাখা হয়েছে, এটা তো বেআইনি? উত্তরে তিনি বলেন, ‘সরকারের অনুমতি নিয়েই তো বিল্ডিং বানানো হচ্ছে। সরকার এসে দেখিয়ে দিক কোথায় মালামাল রাখব। বিল্ডিং বানানোর সময় এমন একটু অসুবিধা হবেই। এতে আমাদের কিছুই করার নেই।’ ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কউত্তরার বিভিন্ন সেক্টরের সড়ক ঘুরে দেখা গেছে, ভবন নির্মাণের জন্য লোহার রড সড়কে ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করা হচ্ছে। ভারী হাতুড়ির আঘাতে এসব জায়গায় সড়ক দেবে যাচ্ছে। সড়কে তৈরি হচ্ছে ফাটল। কোথাও কোথাও আবার দেখা গেল পাইলিংয়ের নোংরা পানিতে সয়লাব সড়ক। এতে করে পথিকের পথ চলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি সড়কের পিচঢালাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ট্রাক থেকে ভবন নির্মাণের জন্য ভারী মালামাল নামানোর সময়ও সড়কের ক্ষতি হচ্ছে। সড়ক ক্ষতিগ্রস্ত করে ভবন নির্মাণ কতটা যুক্তিসংগত? এমন প্রশ্নের জবাবে, ১৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে নির্মাণাধীন স্টারপাত হোল্ডিংয়ের সাইট অফিসার রাশিদুল ইসলাম জানান, আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেআইনি। কিন্তু আমরা নিরুপায়। অনিচ্ছা সত্ত্বেও সড়কে কাজ করতে হয়। এ ছাড়া জায়গা আছেই বা কোথায়?উত্তরার বিভিন্ন সেক্টরে নির্মাণাধীন ভবনের মালামাল ফুটপাত থেকে উচ্ছেদ করার ব্যাপারে কথা হয় ডিসিসি (উত্তর) অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদের সঙ্গে। তিনি জানান, ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে পথচারীদের পথ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, সড়ক ক্ষতিগ্রস্ত ও শব্দদূষণ করে এলাকাবাসীর অসুবিধা সৃষ্টির দায়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই অভিযান শুরু হবে।