উত্তরার ৭ নম্বর সেক্টরের পথে থাকে না আবর্জনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে জমে থাকা গাছের পাতা, পলিথিন, প্লাস্টিকের পরিত্যক্ত বোতল এবং অন্যান্য ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে একত্র করে রাখছিলেন একজন। আরেকজন বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে এসব ময়লা-আবর্জনা রিকশাভ্যানে তুলে নিচ্ছিলেন। এমনটাই দেখা যায় উত্তরার ৭ নম্বর সেক্টরে গেলে।উত্তরার ৭ নম্বর সেক্টরের সড়কগুলো পরিচ্ছন্ন রাখার জন্য রয়েছে একটি ভ্রাম্যমাণ রিকশাভ্যান। এই বাহনটি নিয়ে সারা দিনই সড়ক থেকে সড়কে ঘুরে বেড়ান দুজন কর্মী। ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে আসেন তাঁরা। এই রিকশাভ্যানটির ব্যবস্থা করেছে উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। সমিতির এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দা আবদুস শহীদ। তাঁর বক্তব্য, ‘সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য ভ্রাম্যমাণ রিকশাভ্যান নামানো একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগ অন্যান্য সেক্টরও যদি নেয়, তবে উত্তরার রাস্তাঘাটে কোনো আবর্জনা থাকবে না।’ভ্রাম্যমাণ এই রিকশাভ্যানের মাধ্যমে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মী আবদুর রাজ্জাক। তিনি জানান, সড়কে চলতে-ফিরতে অনেকেই এখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখেন। এ কারণে সড়ক নোংরা হয়। এ ছাড়া সড়কের দুই পাশে যে গাছগুলো আছে, সেগুলো থেকে প্রতিদিনই পাতা ঝরে পড়ে। এসব আবর্জনা তিনি রিকশাভ্যানে করে কুড়িয়ে নেন।উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের বাসিন্দা তারেক হোসেন বলেন, ‘এ রকম গার্বেজ ভ্যান আরও বাড়ানো উচিত। একটা গার্বেজ ভ্যান দিয়ে ৭ নম্বর সেক্টরের সব কটি সড়ক পরিচ্ছন্ন রাখা মুশকিল। কারণ, একদিক পরিষ্কার করতে গেলে আরেক দিক অপরিষ্কার হয়ে যাচ্ছে।’আবর্জনা পরিবহনের রিকশাভ্যান বাড়ানো হবে কি না, জানতে চাইলে ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সুপারভাইজার সামিইন জানান, ৭ নম্বর সেক্টরের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গার্বেজ ভ্যানের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপাতত এভাবেই চলতে থাকবে তাঁদের সেবা। ভবিষ্যতে এমন রিকশাভ্যান আরও বাড়ানো হবে বলে তিনি আশ্বাস দেন।