উত্তরায় পিটিয়ে হকার খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় গতকাল বুধবার হকার সেলিম (৩৫) খুনের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।এর আগে নিহত সেলিমের বাবা আমিরুল ইসলাম ১০ জনকে আসামি করে উত্তরা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন এজাহারভুক্ত আসামি।উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ওই তিনজন হলেন হেলাল উদ্দিন (২৭), ইসমাইল হোসেন (২০) ও জসীম উদ্দিন (২৬)।ওসি খন্দকার রেজাউল জানান, সেলিম উত্তরা হাউজিং বিল্ডিংয়ের সামনের ফুটপাতের হকার ছিলেন। ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে তিনি খুন হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া তিনজন স্থানীয় অপরাধচক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ আছে। এ ব্যাপারে উত্তরা থানায় মামলাও হয়েছে। কিন্তু ওই মামলায় তাঁরা জামিনে বের হয়ে পুনরায় অপরাধ চালিয়ে যাচ্ছেন।