উত্তরায় পুলিশের গুলিতে যুবক আহত
রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে আজ মঙ্গলবার ভোরে পুলিশের গুলিতে আশিস বাড়ৈ নামের (২৮) এক যুবক আহত হয়েছেন। পুলিশ প্রহরায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। পুলিশের দাবি, আহত যুবক ছিনতাইকারী।উত্তরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আজ ভোর পাঁচটার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ছিনতাইকারী এক ব্যক্তির টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা চালায়। ওই ব্যক্তির চিত্কার শুনে টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আশিসের পিঠে গুলি লাগে। আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ধাওয়া করে তাঁর দুই সহযোগী বিল্লাল হোসেন (৪৫) ও হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে থেকে একটি রিভলবার, তিনটি গুলি, একটি চাকু ও একটি শাবল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে।