উত্তরায় প্রকাশ্যে জঙ্গির হাতে জঙ্গি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে নৃশংসভাবে খুন হলেন একজন সাজাপ্রাপ্ত জঙ্গি। রাশিদুল ইসলাম (২৯) নামের এই জঙ্গি একসময় নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় কর্মী ছিলেন। গতকাল সোমবার সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।নিহত রাশিদুলের স্ত্রী ও পুলিশ কর্মকর্তারা জানান, রাশিদুল জেএমবি থেকে বেরিয়ে আসায় জঙ্গিরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে।রাশিদুল দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উত্তরা শাখায় ইসলামী স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজধানীর উত্তরখান থানার ময়নারটেক করাইহাতী মসজিদে ইমামতি করতেন এবং ওই এলাকার চানপাড়ায় আবদুর রহমানের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।নিহত রাশিদুলের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে। তিনি জঙ্গি তত্পরতা চালাতে গিয়ে ২০০৩ সালে জয়পুরহাট জেলার ক্ষেতলালে জেএমবির অন্য সদস্যদের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান। তিনি ক্ষেতলাল থানায় পুলিশের অস্ত্র লুট মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।রাশিদুলের স্ত্রী আলীফ নূর জানান, গতকাল সকাল নয়টায় ময়নারটেকের বাসা থেকে তিনি বের হন। তাঁকে বহনকারী রিকশার চালক আবদুর রাজ্জাক জানান, সোয়া নয়টার দিকে রাশিদুল উত্তরা ৬ নম্বর সেক্টরের হাউস বিল্ডিং মোড়ে যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন। রিকশাটি আজমপুর ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে তিন-চারজন যুবক তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ মাঠ ও সংলগ্ন মসজিদের সামনে সাইকেল আরোহী তিন-চারজন যুবক উপস্থিত ছিল। ওই যুবকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে রাশিদুল দৌড়ে মসজিদের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন। যুবকেরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে এবং মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে জহির মোল্লা নামের এক পথচারীর হাতে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুর্বৃত্তরা প্যান্ট ও জ্যাকেট পরা ছিল।রাশিদুলকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে রিকশাভ্যানে তুলে প্রথমে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে রাশিদুলের স্ত্রী আলীফ নূর দেড় বছরের সন্তান সুমাইয়াকে নিয়ে থানায় ছুটে যান। তিনি স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। চিত্কার করে তিনি বলতে থাকেন, জেএমবির লোকজন তাঁর স্বামীকে হত্যা করেছে।আলীফ নূর পুলিশকে জানান, তাঁর স্বামী নিজের ভুল বুঝতে পেরে এক বছর আগে জেএমবি ছেড়ে দেন। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উত্তরা শাখায় ইসলামী স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। রাশিদুলের স্ত্রী জানান, জেএমবি ছাড়ার পর তিনি মসজিদে খুতবায় এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে জেএমবির বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করে ভালো পথে ফিরে আসার জন্য জেএমবির সদস্যদের আহ্বান জানিয়েছিলেন। এটাই তাঁর স্বামীর জন্য কাল হয়েছে।ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী নিহত রাশিদুল ইসলাম ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জেএমবির সদস্য ছিলেন। এরপর তিনি জেএমবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং জেএমবির কার্যকলাপের সমালোচনা করে বিভিন্ন স্থানে বক্তব্য দেন। এতে জেএমবির সদস্যরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। জানা যায়, মুঠোফোনে কথামতো রাশিদুল গতকাল ‘ইসলামের নামে জঙ্গিবাদ’ শিরোনামের একটি বই নিয়ে ওই যুবকদের সঙ্গে দেখা করতে যান। সেখানে কথা বলার একপর্যায়ে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।রাশিদুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক আবদুর রাজ্জাক ও ভ্যানচালক মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, হত্যাকাণ্ডে ব্যবহূত চাকু জব্দ করা হয়েছে। রাশিদুলের মুঠোফোনও হেফাজতে নেওয়া হয়েছে।আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, ২০০৩ সালের ১৪ আগস্ট জয়পুরহাটের ক্ষেতলালে জঙ্গি নেতা মন্তেজার রহমানের বাড়িতে পুলিশের সঙ্গে জেএমবির সংঘর্ষের সময় অন্য জঙ্গিদের সঙ্গে রাশিদুলও গ্রেপ্তার হন। এর কয়েক মাস পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি পালিয়ে যান। জয়পুরহাটের একটি আদালত তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেন।পঞ্চগড় প্রতিনিধি জানান, রাশিদুল ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় পঞ্চগড় থানায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন। অবশ্য ২০০৮ সালে তাঁর অনুপস্থিতিতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায়ে রাশিদুলকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর বাবা আবদুর নুর স্থানীয় ভূমি অফিসের কর্মচারী।এলাকাবাসী জানায়, ২০০৫ সালের ১৭ আগস্টের পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি। দেবীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, দেবীগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থানায় এসেছিল।