উত্তরায় প্রকৌশলী হামিদ হত্যা মামলায় ৫ আসামিকে খালাস
রাজধানীর উত্তরা থানার দক্ষিণখানের বাসিন্দা প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস (৫৫) হত্যা মামলায় পলাতক দুই আসামিসহ পাঁচজনের নাম প্রত্যাহার করে তাদের খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক কানিজ আখতার নাসরীনা খানম এ আদেশ দেন।খালাশ পাওয়া আসামিরা হলেন—জয়নাল আবেদীন মোল্লা, শাহীন, শরীফ, হুমায়ুন ও ইকবাল হোসেন। এঁদের মধ্যে হুমায়ুন ও শাহীন পলাতক রয়েছেন। তবে মামলার অন্য আসামি লিটন ওরফে সুন্দরী লিটন, আশরাফুল ইসলাম দীপু, জাকির হোসেন, ফিরোজ মিয়া ও নিরঞ্জন চন্দ্র পালের বিরুদ্ধে মামলা চলবে। এঁদের মধ্যে জাকির ও নিরঞ্জন পলাতক আছেন।হত্যা ও ডাকাতির অভিযোগে মামলাটি করা হলেও গত আগস্টে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। তবে বাদী ও আসামিদের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন।প্রসঙ্গত, ২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের আনল এলাকায় নিজের বাসায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন প্রকৌশলী হামিদ। গুলিতে আহত হয় হামিদের স্কুলপড়ুয়া মেয়ে। দুর্বৃত্তরা আলমারি ভেঙে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী প্রত্যক্ষদর্শী সাঈদা হামিদ বাদী হয়ে প্রতিবেশী পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে উত্তরা থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। মামলার এজাহারে জয়নাল আবেদীন মোল্লা, তাঁর ছেলে শাহীন ও শরীফ, জয়নাল মোল্লার ভায়রা হুমায়ুন কবীর রিয়াজ ও তাঁর জামাতা ইকবাল হোসেনের নাম উল্লেখ করা হয়। প্রায় আট মাস তদন্তের পর ২০০৫ সালের ৮ আগস্ট পুলিশ অভিযোগপত্র দেয়। এতে এজাহারের বাইরে আরও পাঁচজনসহ মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়। ওই পাঁচজন হলেন—আলী আশরাফ সরকার দীপু, ফিরোজ মিয়া, নিরঞ্জন চন্দ্র পাল, নওশেদুর রহমান লিটন ও জাকির হোসেন।