উত্তরায় যুবককে দণ্ড দিলেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে হারুন অর রশিদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আজ সোমবার সকাল সোয়া আটটার সময় উত্তরার আবদুল্লাহপুরে খন্দকার ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করে সিনিয়র এএসপি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে র‌্যাব-১-এর একটি দল। এ ঘটনার পরপর হারুনকে এক বছর কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলো ডটকমকে জানান, মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের দোকান থেকে বিত্তশালী মেয়েদের নম্বর সংগ্রহ করে ফোন করতেন হারুন। এরপর নিজেকে র‌্যাব-১-এর ক্যাপ্টেন আরিফ পরিচয় দিয়ে মেয়েদের আকৃষ্ট করে শ্লীলতাহানি করতেন। আনোয়ার পাশা আরও জানান, হারুনের আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার প্রতারণার নানা তথ্য দেন ভুক্তভোগী দুই নারী। হারুনের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক পরা ছবিও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে হারুন র্যাবকে বলেছেন, সিরাজগঞ্জে তাঁর স্ত্রী ও নয় বছরের ছেলে রয়েছে। হারুন উত্তরার একটি বাসায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তবে র‌্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে হারুন প্রতারণা করে মেয়েদের কাছ থেকে অর্থ আদায় ও তাদের শ্লীলতাহানি করতেন। এরপর মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য ধারণ করে তা প্রকাশ করে দেওয়ার হুমকি দিতেন তিনি।