উত্তরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫
রাজধানীর উত্তরায় গতকাল শুক্রবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছে। তারা ছিনতাইকারী বলে জানিয়েছে র্যাব।নিহতদের মধ্যে একজনের নাম হাসান বলে জানা গেছে। সাইদুল (১৮) ও ইমরান (১৬) নামে আরও দুই তরুণকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।র্যাব জানিয়েছে, গতকাল রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ এলাকায় লেকপাড়ে ছিনতাইকারীদের একটি দলকে ধরতে গেলে র্যাব-১-এর একটি দলের সঙ্গে তাদের গোলাগুলি হয়। সেখানে দুজন ছিনতাইকারী নিহত হয়। এর ১০ মিনিটের মধ্যেই একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) ছিনতাইকারী চক্রের আরও পাঁচ সদস্য সেখানে এসে উপস্থিত হয়। তাদের সঙ্গেও র্যাবের গোলাগুলি হয়। গাড়ির চালকসহ তিন আরোহী নিহত হয়েছে। গাড়ি থেকে ওই দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। আরও কয়েকজন পালিয়ে গেছে।গতকাল রাতে ঘটনাস্থল সোনারগাঁও জনপদের ১ নম্বর সড়কের মাথায় গিয়ে টয়োটা করোলা গাড়িটি দেখা যায়। তার পাশেই রাস্তার ওপর ছোপ ছোপ রক্ত। গাড়ির পেছনের ডান পাশের চাকা পাংচার। গাড়ির ভেতরে চালকের আসনের নিচে রক্ত জমাট বেঁধে আছে। গাড়ির পেছনের আসনের বাঁ পাশেও ছোপ ছোপ রক্ত। আসনের ওপরেই পড়ে রয়েছে অনেকগুলো কাঁচা মরিচ। গাড়ির ব্রেক প্যাডেলের সামনে একটি স্যান্ডেল আরেকটি রাস্তার ওপর পড়ে রয়েছে। গাড়ির ভেতরে টঙ্গীর একটি রেন্ট-এ-কারের কার্ড পড়ে থাকতে দেখা যায়। গাড়ির সামনের বাঁ পাশের কাচে গুলির ফুটো, চালকের সামনের কাচ ফেটে গেছে। সামনের বাঁ পাশের জানালায় একাধিক গুলির চিহ্ন রয়েছে, জানালা ফেটে চুরচুর হয়ে রয়েছে। গাড়ির পেছনের কাচে কয়েকটি গুলির ফুটো রয়েছে। কাচটিও ফেটে গেছে। গাড়ির সামনের বনেটে চারটি গুলির ফুটো, আর ডান পাশের মাডগার্ডের ওপর একটি ফুটো।এ বিষয়ে গতকাল রাতে র্যাব-১-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের বলেন, নিহত ও আহত যুবকেরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা ছিনতাই করার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছিল। গতকাল রাতে গোপন সূত্র থেকে র্যাব এদের অবস্থান সম্পর্কে জানতে পারে। সেই অনুযায়ী র্যাব-১-এর মেজর নিশাত উল ইসলাম খানের নেতৃত্বে একটি দল ১৩ নম্বর সেক্টরের লেকপাড়ে অবস্থান নেয়। লেকপাড়ে দেলোয়ারের চা দোকানের সামনে র্যাব সদস্যরা সন্দেহভাজন ছিনতাইকারীদের তল্লাশি করতে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে চার থেকে পাঁচজন ছিল। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে সেখানে দুজন নিহত হয়। এ ঘটনার ১০ মিনিট পরে প্রাইভেট কারযোগে আরও কয়েকজন যুবক সেখানে এলে র্যাব সদস্যরা গাড়িটি থামানোর চেষ্টা করেন। তারা গাড়ি না থামিয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে গাড়ির তিন আরোহী মারা যায়। দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাব কার্যালয়ে লেকপাড়ের চায়ের দোকানের মালিক দেলোয়ার হোসেন কাজী বলেন, ইফতারের পর আটটার আগে বা পরে চার-পাঁচজন তরুণ তাঁর দোকানে এসে এক ডিব্বা চা চায়। তরুণেরা তাঁর দোকানের পেছনে লেকের পাড়ে নার্সারিতে বসে ছিল। তরুণদের একজন এসে একটি বাসি কেক নিয়ে যান। তিনি এক ডিব্বা চা ও তিনটি কাপ তাঁদের দেন। এর মধ্যেই কয়েকজন মোটামতো লোক এসে ওই তরুণদের একজনকে পেছন থেকে ধরে, কোমর হাতড়ানো শুরু করে। ধস্তাধস্তি হয়, এর মধ্যেই গুলির আওয়াজ শোনা যায়।দেলোয়ার বলেন, ‘আমার দোকানডা রাস্তার দিকে মুখ করা। আর ওরা বইছিল দোকানের পেছনে। তাই আমি দেহিনি কে কারে গুলি করল।’ঘটনা সম্পর্কে র্যাব হেফাজতে থাকা সাইদুল প্রথম আলোকে বলেন, সে ১১ নম্বর বাসের চালকের সহযোগী। পূর্বপরিচয়ের সূত্র ধরে গতকাল ইফতারের পর হাসান নামের এক যুবক নর্থ টাওয়ারের সামনে থেকে তাঁকে ওই গাড়িটিতে তুলে নেন। সাইদুল চালকের পেছনের (পেছনের ডান পাশের) আসনে বসে ছিলেন। মাসকট প্লাজা পার হওয়ার পর ১৩ নম্বর সেক্টর ধরে উত্তরা আধুনিক হাসপাতাল পার হওয়ার পর একজন র্যাব সদস্য গাড়িটি থামানোর সংকেত দেন। এ সময় সামনের আসনে বসা হাসান র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গাড়ির সিটে বসা অন্য যুবকদের সে চেনে না বলে জানায়। সাইদুলের বাসা আবদুল্লাহপুরের কোটবাড়িতে।গ্রেপ্তার আরেক তরুণ মো. ইমরান বলেন, গাড়ির আরোহীদের মধ্যে তিনি শুধু হাসান ও সাইদুলকে চেনেন। সাইদুলসহ নর্থ টাওয়ার এলাকা থেকে তিনি ওই গাড়িতে ওঠেন। এর একটু দূরে গিয়েই একজন গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দিলেও চালক গাড়িটি থামাননি। এরপর সামনের আসনে বসে থাকা হাসান গাড়ি থেকে গুলি চালান। এর পরই র্যাবের সদস্যরা তাদের গাড়িতে গুলি চালান। তিনি ও সাইদুল এসময় গাড়ির মেঝেতে শুয়ে পড়েন। ইমরান কাঠমিস্ত্রি বলে জানিয়েছেন। তাঁর বাসা টঙ্গীর আরিছপুরে।ঘটনাস্থলের উল্টো দিকের একটি ব্যাংকের নিরাপত্তারক্ষী মোখলেসুর বলেন, ‘আটটার আগে বা পরে হইব। হঠাৎ প্রথমে তিন-চারটা শব্দ পাইলাম। আমার বাড়ি রাজশাহীর সারদা পুলিশ একাডেমির পাশেই। শুনেই বুঝছি গুলি হচ্ছে। আমি আশপাশের লোকজনকে বললাম ভেতরে যেতে। প্রথম গুলি হওয়ার দুই থেকে তিন মিনিট পরেই আরও চার-পাঁচটি গুলির শব্দ। এর পাঁচ মিনিট পরেই একাধারে অন্তত ১৫টি গুলির শব্দ পাইলাম। পরে গিয়া দেখি, গাড়ির ভেতরে তিনডা লাশ পইড়া রইছে। র্যাব দাবড়াইয়া গলির ভিতরে থিকা আরও একজনরে ধরছে।’ঘটনার সময় উল্টো দিকের দোকানে বসে চা পান করছিলেন ঢাকা ইপিজেডের একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘প্রথমে দেখলাম লেকপাড়ের দোকানের ওখানে কিছু একটা ধস্তাধস্তির মতো। এর পরই প্রথম গুলির আওয়াজটি পাই। পর পর তিন-চারটা গুলি হলো মনে হলো। কয়েক মিনিটের বিরতি। এরপর ওই গাড়িটি আসে। গাড়িটির চাকায় মনে হয় গুলি করে থামানো হলো। এরপর আবারও অনেকগুলো গুলি একসঙ্গে।’র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান জানান, নিহত হাসান একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের প্রধান। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। নিহত পাঁচজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।