উত্তরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের কাছে আজ শনিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক সাইফুল নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাক আটক করছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের ভাই ইউসুফ আলী জানান, সাইফুল টঙ্গীর কামারপাড়ায় থাকতেন। তাঁর বাবার নাম ফজর আলী। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুছৈড়ির তালপট্টীতে। ইউসুফ আলী আরও জানান, ইট নিয়ে তাঁর ভাই সাইফুল সকালে ঢাকার অদূরে আশুলিয়ায় যান। খালি ট্রাক নিয়ে উত্তরায় ফিরছিলেন।