নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য রাজধানীর উত্তরায় ২০ হাজার ১০৭টি ফ্ল্যাট নির্মাণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ২০১৬ সালের জুন মাসের মধ্যে এসব ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ হবে।‘ঢাকাস্থ উত্তরা ১৮ নম্বর সেক্টরে নিম্ন ও মধ্য আয়ের জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ’ শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় হাজার ৩১ কোটি টাকা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজউক।গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় উত্তরার ১৮ নম্বর সেক্টরে ১৬ তলাবিশিষ্ট ২৪০টি ভবন নির্মাণ করবে রাজউক। প্রকল্পে সড়ক, সেতু-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা, কমিউনিটি সেন্টার, সৌরবিদ্যুৎব্যবস্থা এবং পানি, পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্লান্টসহ বিভিন্ন সুবিধা থাকবে।প্রতিটি ফ্ল্যাটের মোট মূল্যের ২৫ শতাংশ এককালীন পরিশোধ করতে হবে। পুরো টাকা পরিশোধ করতে হবে বরাদ্দ প্রাপ্তির ৯৬ মাস বা আট বছরের মধ্যে। পুরো প্রকল্প বাস্তবায়ন হবে সরকারি অর্থায়নে।গতকালের বৈঠকে এই প্রকল্পসহ ১৫ হাজার ৭৩৫ কোটি টাকার মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ১৩ হাজার ৪৩১ কোটি টাকা। বিদেশি সহায়তা পাওয়া যাবে দুই হাজার ৩০৪ কোটি টাকা।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, বিদায়ী সচিব মনজুর হোসেন একনেকে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান।মনজুর হোসেন জানান, নিম্ন ও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে ২০ হাজার ১০৭টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। বিভিন্ন শ্রেণী-পেশার লোকেরা এসব ফ্ল্যাট পাবেন। ৫০টি ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।অনুমোদিত অন্যান্য প্রকল্প: বৈঠকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: গাজীপুরে ২২০ কোটি টাকার বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প, ৭৩ কোটি টাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (প্রথম পর্যায়) প্রকল্প, ১২০ কোটি টাকার এস্টাবলিশমেন্ট অব পজিট্রন এমিশন টমোগ্রাফি-কম্পিউটেড টমোগ্রাফি উইথ সাইক্লোট্রন ফ্যাসিলিটিজ প্রকল্প, ১৫২ কোটি টাকার এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ অ্যান্ড হসপিটাল প্রকল্প, ২৮৫ কোটি টাকার রুরাল এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ফর পাবলিক অ্যাসেটস (প্রথম সংশোধিত) প্রকল্প, ৪৬ কোটি টাকার উত্তরাঞ্চলের হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (সংশোধিত) প্রকল্প, ১২৬ কোটি টাকার পুলিশ বিভাগের ৫০টি জরাজীর্ণ থানা ভবন নির্মাণ (সংশোধিত) প্রকল্প, ৪৭ কোটি টাকার এক্সপানশন অ্যান্ড স্ট্রেনদেননিং অব বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এট ফাইভ ডিস্ট্রিকস প্রকল্প, এক হাজার ৯৭১ কোটি টাকার বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প, ৫০৮ কোটি টাকার ১২টি গুরুত্বপূর্ণ নৌপথ খনন প্রকল্প, ২৫২ কোটি টাকার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ইয়ার্ড রিমডেলিং (প্রথম সংশোধিত) প্রকল্প, এক হাজার ৫২৫ কোটি টাকার লাকসাম ও চিনকি আস্তানার মধ্যে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং এক হাজার ৩৭৯ কোটি টাকার আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং এক্সেস টু সার্ভিস প্রজেক্ট।বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।