উত্তরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে
উত্তরায় র্যাবের গুলিতে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। আজ শনিবার তাঁদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে তাঁদের শনাক্ত করেছেন।র্যাবের গুলিতে গতকাল নিহত হন গাড়ির চালক সুরুজ মিয়া (২০)। আজ সকালে হাসপাতালে তাঁর লাশ শনাক্ত করেন খালাতো ভাই কায়সার হামিদ। তিনি প্রথম আলোকে বলেন, সুরুজের বাবার নাম আবদুল ভাণ্ডারী। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার নলি গ্রামে। সুরুজ পুবাইলে তাঁর মামার বাড়িতে থাকতেন। কায়সার আরও জানান, ‘সুরুজ গতকাল গাজীপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিলেন। আমাকে উত্তরার আবদুল্লাহপুরে নামিয়ে দিয়ে বলেন, যাত্রী নামিয়ে দিয়ে তিনি শিগগিরই ফিরে আসবেন। তবে সুরুজ আর ফিরে আসেনি। রাতে টেলিভিশনে খবর দেখে তাঁরা হাসপাতালে এসেছেন।’কায়সার দাবি করেন, সুরুজের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই। তিনি নির্দোষ।গুলিতে নিহত হাসানের (২২) চাচাতো ভাই মোহাম্মদ মমিন প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে টিভিতে খবর দেখে আজ তাঁরা হাসপাতালের মর্গে এসেছেন। হাসানের বাড়ি টঙ্গীর আরিচপুরে। তিনি বেকার ছিলেন। হাসানের দূরসম্পর্কের মামার দাবি, হাসান এলাকার বেকার যুবকদের সঙ্গে চলাফেরা করতেন।গুলিতে নিহত মোহাম্মদ মোস্তফার (২৬) বাড়ি টঙ্গীর আরিচপুরে। তিনি কুটির শিল্পের কাজ করতেন। নিহতের ফুফাতো ভাই শহীদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য দেন।