ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কমার্স কলেজ, ঢাকাব্যবসায় নীতি ও প্রয়োগ গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিক্ষার্থীকে প্রথমেই নির্ধারিত সময় বিবেচনা করে পরীক্ষায় লিখতে হবে। রচনামূলক প্রশ্নের উত্তর ১৮-১৯ মিনিট এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আট-নয় মিনিটের মধ্যে শেষ করতে হবে। প্রথমে প্রশ্নটি ভালো করে পড়বে এবং সঠিক প্রশ্ন নির্বাচন করতে হবে। মনে রাখা প্রয়োজন, যে প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত, বিকল্প নেই ও ভালো জানা, এমন প্রশ্ন নির্বাচন করতে হবে। যেমন প্রথম পত্রে ‘চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি’ ব্যাখ্যা করো এবং ‘নিবন্ধন কী? নিবন্ধন না করার পরিক্রম ব্যাখ্যা করো’ শেষেরটি অনেক উত্তম।প্রশ্নের উত্তরে চিত্র, তথ্য ও উপাত্ত দেওয়ার প্রয়োজন। মনে রাখা দরকার, উদাহরণ বিশেষ জরুরি।‘ব্যবস্থাপনার কার্যাবলি বর্ণনা করো’ এ প্রশ্নের উত্তরে বিশেষ চিত্র জরুরি। রপ্তানিপ্রক্রিয়ার বিবরণ দাও—চিত্র প্রয়োজন। যৌথ কোম্পানির গঠন প্রণালী বর্ণনা করো—চিত্র জরুরি নয়। ভালো নম্বর পাওয়ার জন্য যথাযথ উত্তর দেওয়া দরকার। যেমন, শিল্প কাকে বলে? এর উত্তর শিল্প কত প্রকার অথবা পণ্যের জীবনচক্র কাকে বলে? এর উত্তরে জীবনচক্রের বিভিন্ন স্তর লেখা উচিত নয়। প্রশ্নের উত্তর উত্তম হওয়া প্রয়োজন। প্রত্যেকটি উত্তরে ভূমিকা, উপসংহার, মূল বক্তব্য ও উদাহরণ—এই বিষয়গুলো নজরে রাখা প্রয়োজন। তা ছাড়া বানান, বাক্যের শুদ্ধতা, ভাষারীতি মেনে চলা প্রয়োজন।