শিক্ষক, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, ঢাকাগার্হস্থ্য অর্থনীতি ঐচ্ছিক বিষয় বলে অবহেলা করা উচিত হবে না। প্রতিটি বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রচনামূলক ৩৫, নৈর্ব্যক্তিক ২৫ ও ব্যবহারিক ৪০। মোট ১০০ নম্বর। মনে রাখবে, প্রত্যেকটি পর্বে আলাদা পাস নম্বর পেতে হবে। রচনামূলক মোট নম্বর ৩৫। চারটি বিভাগ থেকে একটি করে মোট চারটি প্রশ্ন এবং সংক্ষেপে চারটি বিভাগ থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগ থেকে খ বিভাগ পর্যন্ত প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা রক্ষা করা শ্রেয়। প্রত্যেক প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক ও যথার্থ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার এটি পূর্বশর্ত। একটি প্রশ্নের দুটি বা তিনটি ভাগ থাকতে পারে। প্রতি অংশের নম্বর দেখে সে অনুযায়ী উত্তর লিখতে হবে। অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা একটি অংশই বিস্তারিত আলোচনা করে যার নম্বর ২। বাকি ৪ নম্বরে যা চাওয়া হয় সে অনুযায়ী উত্তর সম্পূর্ণ হয় না। এই দিকগুলো বিশেষভাবে লক্ষ রাখতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর নৈর্ব্যক্তিক অংশের ২৫ নম্বর পাওয়া সহজ হবে, এ জন্য প্রয়োজন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পাঠ্যবই পড়া। প্রশ্ন ভালো করে পড়ে তবেই সঠিক উত্তরে ভরাট করতে হবে। প্রথমে পেনসিল ব্যবহার করা ভালো। পরে কলম ব্যবহার করবে। তাহলে যাচাই করার সুযোগ পাওয়া যাবে। মনে রাখতে হবে, পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। রচনামূলক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর কখনোই বাজারের গাইড বই থেকে পড়বে না, উত্তর লিখবে না। এতে প্রচুর ভুল থাকে। ফলে তোমাদের লেখার মান ও উত্তর সঠিক হবে না। নিজস্ব দক্ষতা, মেধা ও চিন্তনশক্তি দিয়ে উত্তর সুন্দরভাবে উপস্থাপন করবে।