উত্তরের আতঙ্ক
নিকুঞ্জ থেকে আশুলিয়া, মাঝে উত্তরা। এলাকাগুলোয় প্রায় প্রতিদিনই মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে হিজড়া সম্প্রদায়ের গুটিকয় সদস্য। বকশিশের নামে তারা রীতিমতো চাঁদাবাজি, লুটপাট করে বেড়াচ্ছে নগরের উত্তরাঞ্চলের জনপদে। সব জেনেবুঝেও তাদের এই দৌরাত্ম্য বন্ধ করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এলাকাবাসী, অতিথি ও দর্শনার্থীরা ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েই উত্তরাঞ্চলে দিন পার করছে। তাদের এই অসহায়ত্ব তুলে ধরেছেন মিল্লাত হোসেননবজাতকের কান্নাবাড়ির বারান্দায় নবজাতকের পোশাক রোদে দিতেও ভয় পাচ্ছে উত্তরা মডেল টাউনের বাসিন্দারা। কারণ বারান্দায় বাচ্চার কাপড় দেখলেই বাসায় হাজির হয় একাধিক হিজড়া। তারপর কী ঘটে, তার একটি নজির জানা গেছে উত্তরার তিন নম্বর সেক্টরের বাসিন্দা শিরীন হোসেনের কাছ থেকে, ‘দুজন হিজড়া আমাদের অ্যাপার্টমেন্টের দারোয়ানকে গালাগালি ও ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। এ বাসায় নতুন বাচ্চা হয়েছে, পয়সা দেন—এ কথা বলে প্রতিটি ফ্ল্যাট থেকে চাঁদা চায় তারা। আমার ছোট ছেলে দরজা খুলে দেয়। তারা আমাকে দেখে চিৎকার করে কথা বলতে শুরু করলে বড় ছেলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে জানলাম, এক ফ্ল্যাটে ঢুকে ছোট বাচ্চা ছোঁ মেরে নিয়ে তাদের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা আদায় করেছে তারা।’উত্তরা ও নিকুঞ্জ এলাকার কোনো বাসায় নবজাতক থাকলেই হামলে পড়ছে হিজড়া সম্প্রদায়ের কয়েকজন সদস্য। নবজাতককে নিয়ে নাচগান করার কথা বলে পাঁচ থেকে ১০ হাজার টাকা বকশিশ দাবি করে। টাকা না পেলে আজেবাজে কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করে তারা। আবার নবজাতককে লোফালুফি করার নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। দাবিমতো টাকা দিলেই কেবল হিজড়াদের হাত থেকে রক্ষা পাচ্ছেন নবজাতকের অভিভাবকেরা।কোনো বিয়ের অনুষ্ঠান করলেও হিজড়াদের পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় বলে উত্তরা-নিকুঞ্জ থেকে একাধিক অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিকুঞ্জ, উত্তরা ও আশুলিয়ায় হিজড়ারা রীতিমতো ডাকাতি করছে। তারা যা দাবি করে, তা-ই দিতে হয়। আশুলিয়ায় বেড়াতে গিয়ে অনেকেই হিজড়াদের হাতে নাজেহাল হচ্ছে।তবে উত্তরার হিজড়া নেতা কচির দাবি, তারা বাঁচার তাগিদেই মানুষের কাছে বকশিশ চায়। আর নবজাতকের অভিভাবকদের কাছ থেকে বকশিশ নেওয়ার রীতি অনেক পুরোনো। এ ক্ষেত্রে জোর করে কোনো টাকা-পয়সা আদায় করা হয় না।বাঁশ-কাঠ লুটেরা‘প্রতিদিনই কোনো না কোনো ভবন থেকে বাঁশ-কাঠ লুট করছে হিজড়ারা। একবার এক সাইট ইঞ্জিনিয়ার বাধা দিতে গেলে তার প্যান্ট খুলে ফেলে তারা। এর পর থেকে কেউ আর হিজড়াদের লুটপাটে বাধা দিতে যায় না।’—বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাইট ইঞ্জিনিয়ার। উত্তরার ১০ নম্বর সেক্টরে একটি ভবন নির্মাণের কাজ তদারক করছিলেন তিনি।উত্তরার বিভিন্ন সেক্টরে নির্মাণাধীন ভবনের শাটারিংয়ে ব্যবহূত বাঁশ-কাঠ দ্বিতীয়বার ব্যবহার করতে পারছেন না এগুলোর মালিকেরা। কারণ শাটারিং খোলার সময় হলেই এগুলো খুলে নিয়ে যাচ্ছে ১০-১২ জন হিজড়া। এই কাজে বাধা দিলে নানাভাবে হেনস্তা হতে হয় নির্মাণাধীন ভবনের কর্মীদের।অনুসন্ধানে জানা গেছে, ১০ নম্বর সেক্টরের রানাভোলার শাটারিং ব্যবসায়ী রহিমের দোকানে হিজড়ারা ছিনিয়ে নেওয়া শাটারিংয়ের বাঁশ-কাঠ নিয়মিত বিক্রি করছে। রহিমের দোকান থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১০ থেকে ২৫ জুলাই পর্যন্ত এই দোকানে হিজড়ারা শাটারিংয়ের ৮০০ মণ বাঁশ ও কাঠ বিক্রি করে এক লাখ ৯২ হাজার টাকা নিয়েছে।আপসরফায়ও মিলছে না মুক্তিগত জুনের প্রথম সপ্তাহে উত্তরার পাঁচ নম্বর সেক্টরের একটি বাড়িতে হানা দিতে চেষ্টা করে জনা কয়েক হিজড়া। দারোয়ান বাসায় ঢুকতে বাধা দিতে গেলে তারা তাঁকে মেরে রক্তাক্ত করে। ভেঙে ফেলে বাসার ফটক। এ ঘটনার পর গত ৯ জুন উত্তরা অ্যাসোসিয়েশন কার্যালয়ে একটি সভা হয়। যাতে হিজড়াদের নেতা, উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির সদস্য ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিশুর জন্ম ও বিয়ের মতো অনুষ্ঠানের জন্য হিজড়াদের এক হাজার টাকা করে দেওয়া হবে। কেউ এর বেশি টাকা দাবি করতে পারবে না। কিন্তু এর পরও উত্তরার অনেক সেক্টরেই হিজড়ারা বেশি টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।উত্তরা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহাদত আলী বলেন, ‘মানবিক কারণে আমরা হিজড়াদের এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সমিতির অগোচরে অনেকে বাসায় গিয়ে তারা অনেক বেশি টাকা আদায় করছে বলে খবর পাচ্ছি। হিজড়াদের কাছে আমরা জিম্মি। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ।’এদিকে হিজড়াদের বাঁশ-কাঠ লুটের হাত থেকে রক্ষা পেতে উত্তরার শাটারিং মালিক ব্যবসায়ী সমিতি গত জানুয়ারিতে হিজড়াদের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী, প্রতি ছয় মাস পর সমিতির প্রতি সদস্য হিজড়াদের ২০০ টাকা করে চাঁদা দিচ্ছে। শাটারিং মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুদ্দিন জানান, তাঁরা মূলত নির্মাণাধীন ভবনের জন্য শাটারিংয়ের উপকরণ ভাড়া দিয়ে থাকেন। এগুলো যদি লুট হয়ে যায়, তবে তাঁদের নতুন করে উপকরণ কিনতে হয়। তাই হিজড়ারা শাটারিংয়ের উপকরণ নিয়ে নিলে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হতেন। চুক্তির পর হিজড়ারা আর তাঁদের শাটারিংয়ের মাল লুট করছে না। জুলাইয়ে তাঁরা চুক্তি নবায়ন করেছেন। কিন্তু যেসব ভবনে কেনা শাটারিং উপকরণ ব্যবহূত হয়, সেগুলো এখনো হিজড়ারা নেয় বলে তিনি জানান।উত্তরা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহাদত আলী বলেন, ‘কাজ না পাওয়ার কথা বলে হিজড়ারা উত্তরায় চাঁদাবাজি করছে। অথচ উত্তরার সেক্টরে সেক্টরে নিরাপত্তা প্রহরীর কাজ করার প্রস্তাব তাদের দেওয়া হয়েছিল। কিন্তু এ পর্যন্ত কোনো হিজড়া এসে পুনর্বাসিত হতে চায়নি।’ঢাকার হিজরাদের সংগঠন বাঁধন হিজড়া সংঘের সদস্য কনক বলেন, ‘উত্তরায় হিজড়া নামধারী কিছু অপরাধীর বিষয়ে আমাদের কাছেও অনেক অভিযোগ আসে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেননা বাঁধন হিজড়াদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে কাজ করছে। কোনো অপরাধী হিজড়া হলেও বাঁধন তাকে প্রশ্রয় দেবে না।’রক্ষাকর্তা যারাউত্তরার কোনো বাসায় হিজড়ারা হানা দিলে সংশ্লিষ্ট সেক্টরের কল্যাণ সমিতি ও উত্তরা অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করলে তারা সেই বাসার লোকজনকে আপদের হাত থেকে রক্ষা করবে। এ ছাড়া উত্তরার বাসিন্দারা উত্তরা থানায়ও টেলিফোনে যোগাযোগ করতে পারেন (৮৯১৪১২৬)। খিলক্ষেতের নিকুঞ্জবাসীকে যোগাযোগ করতে হবে খিলক্ষেত থানায় (৮৯১৯৩৬৪)। আর আশুলিয়ায় ঘুরতে গিয়ে হিজড়াদের খপ্পরে পড়লে ত্রাণকর্তা হিসেবে কাজ করবে তুরাগ থানা (৮৯১৪৬৬৪)। নিকুঞ্জ, উত্তরা ও আশুলিয়া থেকে ডিএমপির উত্তরা জোনের সহকারী সহকারী পুলিশ কমিশনারের দপ্তরেও টেলিফোনে যোগাযোগ করা যাবে (৮৯১৪১৬০)। আর বড় রকমের চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ জন্য যোগাযোগ করতে হবে র্যাব-১-এর ব্যাটালিয়ন (সদর) দপ্তরে (০১১৯৯৮২৬২১০, ০১৭১৪০৯৩৫৪৫, ৮৯৬৩৪১৫, ৮৯৬৩৪১৯)। এ ছাড়া রয়েছে র্যাব-১-এর কোম্পানি-২-এর (উত্তরা, আশুলিয়া, বিমানবন্দর, তুরাগ) দপ্তর (০১৭১৪০৯৩৫৪৩, ৮৯৫২৯৯১) এবং কোম্পানি-৩ এর (খিলক্ষেত, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখান) দপ্তর (০১৭১১৮০০৪২৩, ৮৯৬৩৪১৬)।