উত্তরের মহাসড়কে ৭৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গতকাল শনিবারও দীর্ঘ যানজটে বিভিন্ন মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে বেলা তিনটার পর থেকে ওই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকায় যানজটও ধীরে ধীরে কমতে থাকে বলে জানায় পুলিশ।দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী গাড়ির বাড়তি চাপে গতকালও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ জট ছিল। মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটেও যানবাহনের সারি ছিল কয়েক কিলোমিটার। তবে দুপুরের পর ওই দুই পথেও যানবাহনের চাপ কমতে থাকে।এদিকে পরিবহনে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বগুড়ায় পরিবহনশ্রমিকেরা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় সৃষ্ট যানজটে উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখী বা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীরাও ভীষণ দুর্ভোগে পড়েন।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কএই মহাসড়কে টানা তৃতীয় দিনের মতো গতকালও তীব্র যানজট ছিল। মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। তবে বেলা তিনটার পর যানজটও কমতে থাকে।পুলিশ, যানবাহনের চালক ও ভুক্তভোগী যাত্রীরা জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে গত শুক্রবার রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়া, ধেরুয়া রেল ক্রসিংয়ের ওপর গর্তের সৃষ্টি, ট্রেন চলাচলের সময় ধেরুয়াতে যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের যানবাহনের চাপ থাকায় যানজট লেগে আছে। তবে গতকাল সকাল থেকে যানবাহন চলাচলে গতি আসতে শুরু করে। বেলা তিনটার পর থেকে যানবাহনের চাপও কমতে শুরু করে। এ কারণে যানজটও ধীরে ধীরে কমতে থাকে। ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রী আশরাফ মিয়া বলেন, শুক্রবার বিকেলের দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত তিনি মির্জাপুর অতিক্রম করতে পারেননি। পঞ্চগড় থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের চালক সেন্টু মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর থেকে বাস ছেড়ে গতকাল দুপুর দেড়টার দিকে তিনি মির্জাপুরে পৌঁছান।মির্জাপুরের গোড়াই মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, রাস্তায় যানবাহনের চাপ বিকেল থেকে কমে যাওয়ায় যানজটও কমতে শুরু করেছে।দৌলতদিয়া-পাটুরিয়ায়ও যানের দীর্ঘ সারি: দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী বাড়তি গাড়ির চাপে গতকালও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ জট ছিল। এর মধ্যে পাটুরিয়া ঘাটে একটি পন্টুন অচল হয়ে পড়ায় পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে। দৌলতদিয়ায়ও যানবাহনের বাড়তি চাপ তিন দিন ধরে অব্যাহত রয়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে ছেড়ে আসা পাঁচ শতাধিক যানবাহন গতকাল বিকেল পর্যন্ত পারাপারের অপেক্ষায় ছিল। গতকাল দুপুরে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার লম্বা শুধু ট্রাকের সারি। এ ছাড়া ফেরিঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যাত্রীবাহী বাসের সারি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, গতকাল ভোরে একটি ফেরির ধাক্কায় পাটুরিয়া ঘাটের চার নম্বর পন্টুনের কবজা ভেঙে যায়। এর পর থেকে ওই পন্টুন দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে ঘাটে যানজট আরও বেড়ে যায়। দুপুরে যানবাহনের সারি পাটুরিয়া-উথলী সড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। বেলা সাড়ে তিনটার দিকে ওই পন্টুনটি সচল হওয়ার পর সন্ধ্যা নাগাদ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। যশোরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে গতকাল সকাল ১০টার দিকে মানিকগঞ্জ থেকে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ওঠেন শরীফুল ইসলাম। তিনি জানান, বেলা ১১টার দিকে পাটুরিয়ার আরসিএল মোড়ে পৌঁছান। কিন্তু বেলা তিনটায়ও তাঁর বাসটি ফেরিতে উঠতে পারেনি।কাওড়াকান্দিতে তিন কিলোমিটার জট: মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে গতকাল যাত্রীর চাপ একটু কমলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঘাট এলাকার প্রায় তিন কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।কাওড়াকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, শুক্রবারের চেয়ে যাত্রীদের চাপ একটু কম দেখা যায়। তবে অধিকাংশ যাত্রীকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে ঘাটে আসার কারণে শিশু ও নারীরা বিপাকে পড়ছেন। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থেকে কিছু কিছু নারী-শিশু অসুস্থ হয়ে পড়েছেন। লঞ্চ ও স্পিডবোটসহ নৌযানগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।এ ছাড়া চার শতাধিক পণ্যবাহী ট্রাক চার দিন ধরে ঘাটে আটকে থাকায় শ্রমিকেরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেন মানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী), শিবচর (মাদারীপুর) ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]